ফুলের টবে গাঁজার চাষ!

ছবি: আগামীর সময়
বাসার ছাদে, বেলকনিতে কিংবা আঙিনায় ফুল, শাকসবজির দেখা মেলে চট্টগ্রাম নগরের প্রায় সবখানেই। কিন্তু নগরের এক ব্যক্তি নিজের বসতঘরে ফুলের টবে রীতিমতো শুরু করে দিয়েছেন গাঁজার চাষ! র্যাবের একটি টিম খবর পেয়ে অভিযান চালিয়ে পেয়েছে তার সত্যতাও।
গতকাল সোমবার রাতে নগরের বায়েজিদ বোস্তামি থানার পশ্চিম শাজিনগর এলাকায় অভিযান চালিয়ে ১২টি গাঁজা গাছসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার লোকমান হোসেনের (৪৪) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায়। চট্টগ্রাম নগরের বায়েজিদে তার বাসা।
র্যাব-৭ সংবাদ বিজ্ঞপ্তিতে জানাল, বসতঘরের টিনের চালে লোকমান হোসেন দুটি প্লাটিকের টবে ৬টি করে ১২টি গাঁজার গাছ লাগান। গাছ থেকে কুড়ি সংগ্রহ করে শুকিয়ে নিষিদ্ধ মাদক গাঁজা তৈরি করেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে তিনি গাঁজার চাষ করে আসছিলেন।
মাদক আইনে মামলা করে লোকমানকে বায়েজিদ বোস্তামি থানায় দিয়ে এসেছে র্যাব।




