চট্টগ্রামে ৫ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি গ্রেপ্তার

সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকা থেকে ৩ কেজি স্বর্ণসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট এলাকার চেকপোস্টে সুধীর কুমার ধর (৪১) নামে এক ব্যক্তির কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করে আকবরশাহ থানা পুলিশ।
উদ্ধার করা ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি টাকার বেশি। গ্রেপ্তার সুধীর কুমার ধর বাঁশখালী উপজেলার উত্তর জলদী এলাকার ননী গোপাল ধরের ছেলে।
আকবরশাহ থানার ওসি নাজের হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেট এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালানো হয়। এ সময় সুধীর কুমার ধরকে গ্রেপ্তার করে তল্লাশি চালালে তার হেফাজত থেকে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা। চোরাকারবারের স্বর্ণ বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তার সুধীর কুমার ধরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আকবরশাহ থানায় একটি মামলা করা হয়েছে।



