আড়াই লাখ ডলারে আজীবন ভ্রমণ, ১০ হাজার ফ্লাইটের পর বিপাকে বিমান সংস্থা

স্টিভেন রথস্টেইন। আমেরিকান এয়ারলাইনস এ উড়েছিলেন ১০ হাজার বার!
বিমানে চড়তে গেলে কাটতে হবে টিকিট। এমনটাই নিয়ম। সঙ্গে আছে গন্তব্য, তারিখ আর সময় মিলিয়ে নেওয়ার হ্যাপা। কিন্তু যুক্তরাষ্ট্রের স্টিভেন রথস্টেইনের কাছে এসব ছিল অপ্রয়োজনীয় ঝামেলা। তিনি চাইলে একদিন নিউইয়র্ক, পরদিন লন্ডন, আবার তার পরদিন টোকিও চলে যেতে পারতেন। তাও বিমানের প্রথম শ্রেণিতে। কারণ, তার কাছে ছিল আজীবন বিনা ভাড়ায় ভ্রমণের এক বিশেষ পাস। সেই পাস ব্যবহার করে ২১ বছরে তিনি উড়েছেন প্রায় ১০ হাজারবার। তার এই ভ্রমণের হিসাব করতে গিয়ে একসময় রীতিমতো বিপাকে পড়ে যায় বিমান সংস্থা আমেরিকান এয়ারলাইনস।
আড়াই লাখ ডলারে আজীবন আকাশভ্রমণ
ঘটনার শুরু ১৯৮০-এর দশকে। তখন আর্থিক সংকটে পড়েছিল আমেরিকান এয়ারলাইনস। দ্রুত অর্থ সংগ্রহের জন্য ১৯৮১ সালে তারা চালু করে বিশেষ একটি কর্মসূচি। নাম ‘এএয়ারপাস’। এর আওতায় আড়াই লাখ ডলারের বিনিময়ে কেনা যেত আজীবন প্রথম শ্রেণিতে ভ্রমণের সুবিধা। অর্থাৎ একবার টাকা দিলেই আমেরিকান এয়ারলাইনসের বিমানে সারা জীবন যত খুশি ভ্রমণ করা যাবে। চাইলে অতিরিক্ত দেড় লাখ ডলার দিয়ে সঙ্গে একজন সঙ্গী নেওয়ার সুবিধাও পাওয়া যেত।
শিকাগোর বিনিয়োগকারী স্টিভেন রথস্টেইন ১৯৮৭ সালে ৩৭ বছর বয়সে এমন একটি পাস কেনেন। দুই বছর পর আরও দেড় লাখ ডলার দিয়ে যুক্ত করেন সঙ্গী নেওয়ার সুবিধা। বিমানে ভ্রমণ তার এতটাই পছন্দের ছিল যে, স্ত্রী ন্যান্সি রথস্টেইনের ভাষায়, স্টিভেন বিমানে উঠতেন অনেকটা অন্য মানুষের বাসে চড়ার মতো।
এরপর শুরু হয় তার আকাশযাত্রার অবিশ্বাস্য অধ্যায়। ব্যবসার কাজে, অবসরে কিংবা শুধুই পছন্দের জায়গায় ঘুরতে তিনি নিয়মিত বিমানে চড়তেন। কখনো বন্ধুর সঙ্গে প্যারিসে প্রদর্শনী দেখতে, কখনো প্রিয় রেস্তোরাঁ থেকে স্যান্ডউইচ খেতে উড়ে যেতেন অন্য শহরে। এমনকি কোনো বিমানের আবহাওয়া খারাপ হলে বিকল্প ফ্লাইটের জন্য একাধিক বুকিংও করে রাখতেন। বিমান সংস্থার কর্মীদের কাছে তিনি হয়ে উঠেছিলেন পরিচিত মুখ। নিয়মিত যোগাযোগ থাকত তার পছন্দের বুকিং এজেন্ট লরেইন ক্রসের সঙ্গে।
২০০৮ সাল পর্যন্ত তার ফ্লাইটের সংখ্যা দাঁড়ায় প্রায় ১০ হাজারে। জমা হয় তিন কোটির বেশি ফ্রিকোয়েন্ট ফ্লায়ার মাইল। নিউইয়র্কে প্রায় এক হাজারবার, সান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলেসে প্রায় ৫০০ বার করে এবং লন্ডনে প্রায় ৫০০ বার উড়েছেন তিনি।
যে পাস একসময় বোঝা হয়ে দাঁড়াল
রথস্টেইনের এমন ভ্রমণে একসময় অস্বস্তিতে পড়ে আমেরিকান এয়ারলাইনস। সংস্থাটির হিসাব অনুযায়ী, তার বুকিংয়ের কারণে সম্ভাব্য প্রায় ২ কোটি ১০ লাখ ডলারের আয় হাতছাড়া হয়েছিল। বিশেষ করে একাধিক আসন বুক করে পরে বাতিল করার বিষয়টি তাদের নজরে আসে। সংস্থাটির তদন্তে দেখা যায়, চার বছরেরও কম সময়ে রথস্টেইন ৩ হাজার ৯টি বুকিং করেছিলেন, যার মধ্যে ২ হাজার ৫২৩টি বাতিল করেন।
বিমান সংস্থার অভিযোগ ছিল, তিনি এমনভাবে আসন সংরক্ষণ করতেন, যাতে অন্য যাত্রীরা সেগুলো কিনতে না পারেন। পরিচিত-অপরিচিত মানুষকে সঙ্গীর পাসে প্রথম শ্রেণিতে ভ্রমণের সুযোগ দেওয়ার অভিযোগও ওঠে। তবে রথস্টেইন এসব অভিযোগের সঙ্গে একমত ছিলেন না।
২০০৮ সালের ১৩ ডিসেম্বর লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার ঠিক আগে শিকাগোর ও'হেয়ার বিমানবন্দরে তার হাতে ধরিয়ে দেওয়া হয় একটি চিঠি। তাতে জানানো হয়, তার আজীবনের পাস বাতিল করা হয়েছে। যে পাসের জন্য তিনি জীবনের বড় অঙ্কের অর্থ খরচ করেছিলেন, সেটি আর ব্যবহার করতে পারবেন না।
এরপর আমেরিকান এয়ারলাইনসের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা করেন রথস্টেইন। বিমান সংস্থাও পাল্টা আইনি পদক্ষেপ নেয়। দীর্ঘদিন ধরে চলে এই বিরোধ।
রথস্টেইনের মেয়ে ক্যারোলিন রথস্টেইন পরে এক লেখায় বাবার এই ভ্রমণজীবনের কথা তুলে ধরেন। তাঁর কাছে বাবার পাসটি শুধু বিমানে চড়ার সুযোগ ছিল না; এর মাধ্যমে অসংখ্য মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল, অনেককে বিনা খরচে ভ্রমণের সুযোগও করে দিয়েছিলেন তিনি।
একসময় গ্রাহক টানতে যে আজীবনের টিকিট বিক্রি করেছিল বিমান সংস্থাটি, সেটিই পরে তাদের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আর রথস্টেইনের গল্প হয়ে থাকে বিমানভ্রমণের ইতিহাসে সবচেয়ে অদ্ভুত চুক্তিগুলোর একটি।
সূত্র: লস অ্যাঞ্জেলেস টাইমস, দ্য গার্ডিয়ান, অ্যারোটাইমস




