মোবাইল ফোন বা ধাতব বস্তু কি সত্যিই বজ্রপাতকে আকর্ষণ করে?

বজ্রপাতের সময় একজন পথচারী ফোনে কথা বলছে আরেকজন কর্মী ধাতব বস্তু নিয়ে কাজ করছে। ছবি: এআই
বরষার প্রথম দিনে
ঘন কালো মেঘ দেখে
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়
সেদিন তাহার সাথে করো পরিচয়।
সাবিনা ইয়াসমিন গাওয়া এই জনপ্রিয় গানের সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। কিন্তু এখন আবাহাওয়ার পরিবর্তনের কারণে মেঘ দেখে আনন্দে আপনি কারও সঙ্গে পরিচিত হবেন নাকি আতঙ্কে ঘরে গুটিশুটি মেরে বসে থাকবেন, তা নিয়ে একটি আলোচনা হতেই পারে। ইদানীং আকাশে মেঘ জমলেই আমাদের মনে যে ভয়গুলো কাজ করে, তার মধ্যে অন্যতম হলো বজ্রপাত।
আর এই বজ্রপাতের সঙ্গে জুড়ে আছে নানা ধরনের ধারণা ও বিশ্বাস। সবচেয়ে প্রচলিত ধারণাগুলোর একটি হলো, মোবাইল ফোন ব্যবহার করলে বা শরীরে ধাতব বস্তু থাকলে বজ্রপাত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। কিন্তু এই ধারণার পেছনে বৈজ্ঞানিক সত্যতা কতটুকু?
মোবাইল ফোন ও বজ্রপাতের ভ্রান্ত ধারণা
অনেকেই মনে করেন, বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার করলে তা বজ্রকে আকর্ষণ করতে পারে। এ ধারণাটি সম্পূর্ণ ভুল। আবহাওয়াবিদ এবং বিজ্ঞানীরা একমত যে, মোবাইল ফোন থেকে নির্গত রেডিও তরঙ্গ বা এর ভেতরের সামান্য ধাতব যন্ত্রাংশ বজ্রপাতকে আকর্ষণ করার মতো শক্তিশালী নয়।
বাস্তবে বজ্রপাতের ঝুঁকি নির্ভর করে আপনার পারিপার্শ্বিক অবস্থা এবং অবস্থানের ওপর, আপনার হাতে থাকা মোবাইল ফোনটির ওপর নয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন স্পষ্টভাবে জানিয়েছে যে, মোবাইল ফোনে ব্যবহৃত তরঙ্গ বা এর ভেতরের সামান্য পরিমাণ ধাতু বজ্রপাতকে আকর্ষণ করে না। বজ্রপাত সাধারণত আকাশ থেকে মাটিতে আসার জন্য সবচেয়ে সহজ এবং সংক্ষিপ্ত পথটি বেছে নেয়। এই পথটি সাধারণত কোনো এলাকার সবচেয়ে উঁচু বস্তু, যেমন— উঁচু ভবন, বড় গাছ বা খোলা মাঠে থাকা কোনো ব্যক্তি হতে পারে।
এই ভুল ধারণাটির উৎপত্তি সম্ভবত পুরনো ল্যান্ডফোনের যুগ থেকে। তারযুক্ত ল্যান্ডফোন বজ্রপাতের সময় ব্যবহার করা ঝুঁকিপূর্ণ ছিল, কারণ বজ্রপাত টেলিফোনের তার বা খুঁটিতে আঘাত করলে সেই বিদ্যুৎ সরাসরি তারের মাধ্যমে ব্যবহারকারীর কাছে পৌঁছাতে পারত। কিন্তু আধুনিক মোবাইল ফোন সম্পূর্ণ তারবিহীন হওয়ায় এই ঝুঁকি নেই।
তবে, একটি ক্ষেত্রে সতর্কতা জরুরি। যদি বজ্রপাতের সময় ফোন চার্জে লাগানো অবস্থায় ব্যবহার করা হয়, তখন ঝুঁকি থাকতে পারে। বজ্রপাত যদি বাড়ির বিদ্যুৎ লাইনে আঘাত করে, তবে সেই বিদ্যুৎ চার্জারের মাধ্যমে আপনার ফোনে বা শরীরে চলে আসতে পারে।
এদিকে অনেকে মনে করেন, ওয়াই-ফাই বা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করলে কোনো ঝুঁকি নেই। কিন্তু ঝুঁকি ডিভাইস থেকে আসে না, বরং বিদ্যুৎ লাইনের মাধ্যমে প্রবাহিত সার্জ বা অতিরিক্ত ভোল্টেজ থেকে আসে। তাই রাউটার বা মডেম সরাসরি প্লাগে সংযুক্ত থাকলে তা ক্ষতিগ্রস্ত হতে পারে।
ধাতব বস্তু কি বজ্রপাত আকর্ষণ করে?
এবার আসা যাক ধাতব বস্তুর প্রসঙ্গে। এখানেও একটি সাধারণ ভুল ধারণা প্রচলিত আছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের মতে, ধাতু নিজে থেকে বজ্রপাতকে আকর্ষণ করে না, তবে এটি বিদ্যুতের একটি চমৎকার পরিবাহক। এর অর্থ হলো, যদি আপনার কাছাকাছি কোথাও বজ্রপাত হয়, তাহলে বিদ্যুৎ প্রবাহের জন্য ধাতব বস্তুটি একটি সহজ পথ তৈরি করে দিতে পারে।
বজ্রপাতের সময় তাই ধাতব বস্তু যেমন— ছাতার ধাতব হাতল, লোহার গ্রিল, রেলিং বা যেকোনো ধাতব কাঠামোর সংস্পর্শে থাকা বিপজ্জনক।
আপনি যদি খোলা মাঠে থাকেন এবং আপনার হাতে একটি ধাতব ছাতা থাকে, তবে আপনি সেই এলাকার একটি উঁচু বিন্দুতে পরিণত হন, যা বজ্রপাতের ঝুঁকি বাড়িয়ে দেয়। কিন্তু এর কারণ ছাতার ধাতব অংশ বজ্রকে টেনে আনছে তা নয়; বরং আপনার উঁচু অবস্থান এবং ধাতুর বিদ্যুৎ সুপরিবাহী হওয়াই মূল কারণ।
গাড়ির ভেতরে থাকা অবস্থায় গাড়ির ধাতব অংশে শরীর স্পর্শ না করলে তুলনামূলকভাবে নিরাপদ থাকা যায়। কারণ বজ্রপাত গাড়ির ওপর আঘাত করলে, এর বিদ্যুৎ ধাতব কাঠামোর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মাটিতে চলে যায়।
বজ্রপাত আসলে কীসের ওপর নির্ভর করে?
বজ্রপাত মূলত তিনটি বিষয়ের ওপর নির্ভর করে:
- উচ্চতা: বজ্রপাত সাধারণত কোনো এলাকার সর্বোচ্চ বিন্দুতে আঘাত করার চেষ্টা করে।
- বিচ্ছিন্নতা: খোলা মাঠের মধ্যে একা একটি গাছ বা মানুষ বজ্রপাতের সহজ লক্ষ্যে পরিণত হয়।
- আকৃতি: সূচালো বা চোখা বস্তু থেকে বিদ্যুৎ প্রবাহ সহজ হয়।
সুতরাং, আপনি যদি খোলা মাঠে বা কোনো উঁচু স্থানে থাকেন, তবে আপনার হাতে ফোন বা ধাতব বস্তু থাকুক বা না থাকুক, আপনি বজ্রপাতের ঝুঁকিতে আছেন। আপনার অবস্থানই এখানে মূল বিবেচ্য বিষয়।
নিরাপদ থাকতে যা করণীয়
- বজ্রঝড় শুরু হলে দ্রুত কোনো পাকা ভবনের ভেতরে আশ্রয় নিন।
- খোলা মাঠ, উঁচু স্থান বা গাছের নিচে দাঁড়ানো থেকে বিরত থাকুন।
- ঘরের ভেতরে থাকলেও জানালা, বারান্দা এবং ধাতব বস্তু থেকে দূরে থাকুন।
- বৈদ্যুতিক যন্ত্রপাতি, যেমন— টিভি, ফ্রিজ, কম্পিউটার ইত্যাদি ব্যবহার থেকে বিরত থাকুন এবং সম্ভব হলে সেগুলোর প্লাগ খুলে রাখুন।
- পানি বিদ্যুৎ পরিবাহী, তাই বজ্রপাতের সময় জলাশয় থেকে দূরে থাকুন।
- ঝড় পুরোপুরি থেমে যাওয়ার পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করে বাইরে বের হন।
অর্থাৎ মোবাইল ফোন বা ধাতব বস্তু বজ্রপাতকে আকর্ষণ করে, এ ধারণাটি একটি ভিত্তিহীন মিথ। বরং বজ্রপাতের সময় আপনার নিরাপত্তা নির্ভর করে সঠিক স্থানে আশ্রয় নেওয়া এবং কিছু সাধারণ সতর্কতা মেনে চলার ওপর। আতঙ্কিত না হয়ে বিজ্ঞানসম্মত তথ্য জানা এবং সেই অনুযায়ী নিজেকে সুরক্ষিত রাখাই বুদ্ধিমানের কাজ।



