জেনে নিন আপনার মস্তিষ্কের বয়স কত

জন্মের পর থেকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতায় পরিবর্তন আসে। তবে একই বয়সের দুজন মানুষের শারীরিক ও মানসিক সক্ষমতা সব সময় এক রকম থাকে না। কারও বয়স ৫০ বছর হলেও শরীর ও মস্তিষ্ক বেশ তরুণ থাকতে পারে। আবার কারও বয়স তুলনামূলক কম হলেও শরীরের বিভিন্ন অঙ্গে বয়সের ছাপ পড়তে পারে।
সাধারণত বয়স বোঝাতে আমরা জন্মতারিখ থেকে হিসাব করা বয়সকে গুরুত্ব দিই। একে বলা হয় কালানুক্রমিক বয়স বা ক্রোনোলজিক্যাল এজ। অন্যদিকে শরীরের কোষ, টিস্যু ও অঙ্গপ্রত্যঙ্গ কতটা বয়সের ছাপ বহন করছে, তা দিয়ে বোঝা যায় জৈবিক বয়স বা বায়োলজিক্যাল এজ। ফলে একই বয়সের মানুষের জৈবিক বয়স ভিন্ন হতে পারে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডেভিড শার্পের মতে, কারও চেহারা তার প্রকৃত বয়সের তুলনায় অনেক কম বয়সী দেখাতে পারে, আবার কাউকে বয়সের তুলনায় বেশি বয়স্ক মনে হতে পারে।
এক সময় বিজ্ঞানীরা পুরো শরীরের বয়স নিয়ে ভাবতেন, কিন্তু এখন তারা প্রতিটি অঙ্গের আলাদা বয়স নির্ধারণের দিকে ঝুঁকছেন। হৃদপিণ্ড, লিভার কিংবা মস্তিষ্কের আলাদা আলাদা বয়স থাকতে পারে এবং এই বয়সই নির্ধারণ করে ভবিষ্যতে আপনি কোনো জটিল সমস্যায় পড়বেন কি না। এর মধ্যে আমাদের শরীরের ‘কমান্ড সেন্টার’ বা মস্তিষ্কের বয়স সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সম্প্রতি ৪৫ হাজার মানুষের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, যাদের মস্তিষ্কের জৈবিক বয়স প্রকৃত বয়সের তুলনায় বেশি, তাদের ১৫ বছরের মধ্যে যেকোনো কারণে মৃত্যুর ঝুঁকি ১৮২ শতাংশ বেশি। গবেষণাটি প্রকাশিত হয়েছে সাময়িকী নেচার মেডিসিনে। এতে রক্তে থাকা বিভিন্ন প্রোটিনের জটিল বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মস্তিষ্কের বয়স নির্ণয় করা হয়েছিল। এ ছাড়া এমআরআই পরীক্ষার মাধ্যমেও মস্তিষ্কের গঠন ও আকারের পরিবর্তন পর্যবেক্ষণ করা যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের আকার কিছুটা ছোট হতে থাকে এবং এর বিভিন্ন অংশের মধ্যে ফাঁকা জায়গা তৈরি হয়।
অধ্যাপক ডেভিড শার্পের গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কের জৈবিক বয়স বেশি হওয়ার সঙ্গে হাতের মুঠোর শক্তি কমে যাওয়া, ফুসফুসের কার্যক্ষমতা হ্রাস, হাঁটার গতি কমে যাওয়া, বুদ্ধিবৃত্তিক সক্ষমতা কমে যাওয়া এবং মৃত্যুঝুঁকি বৃদ্ধির সম্পর্ক রয়েছে। তবে মস্তিষ্কের বয়স জানতে সব সময় এমআরআই করার প্রয়োজন নেই। তাহলে সাধারণ মানুষের জন্য কি ঘরে বসে এর একটি ধারণা পাওয়া সম্ভব? উত্তর হলো, ‘হ্যাঁ’।
হাঁটার গতি মেপে দেখুন
হাঁটার গতি শুধু শারীরিক সক্ষমতার পরিচয় দেয় না, মস্তিষ্কের স্বাস্থ্য সম্পর্কেও ধারণা দিতে পারে। এ পরীক্ষা করতে প্রয়োজন একটি স্টপওয়াচ, মাপার ফিতা এবং হাঁটার জন্য কিছুটা ফাঁকা জায়গা।
ঘরের ভেতরে পরীক্ষা করতে প্রথমে এক মিটার জায়গা রেখে পরবর্তী চার মিটার দূরত্ব নির্ধারণ করুন। প্রথম এক মিটার হাঁটার স্বাভাবিক গতি তৈরি করার জন্য। পরের চার মিটার অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগে, তা মাপুন। বাইরে পরীক্ষা করলে পাঁচ মিটার জায়গা হাঁটার গতি স্বাভাবিক করার জন্য এবং পরবর্তী ১০ মিটার সময় মাপার জন্য ব্যবহার করা যায়। এরপর অতিক্রম করা দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে প্রতি সেকেন্ডে হাঁটার গতি পাওয়া যাবে।
নিউজিল্যান্ডের এক দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে, ৪৫ বছর বয়সে একজন মানুষ কত দ্রুত হাঁটছেন, তা থেকেই বোঝা যায় তার মস্তিষ্ক ও শরীর কতটা দ্রুত বুড়িয়ে যাচ্ছে। যারা ধীরগতিতে হাঁটেন, তাদের মস্তিষ্কের ভলিউম কম এবং বাইরের আবরণ পাতলা হতে দেখা গেছে। তাদের স্মৃতিশক্তি, চিন্তাশক্তি ও প্রসেসিং স্পিডও অন্যদের চেয়ে কম থাকে। এমনকি হাঁটার গতি দেখে মানুষের সম্ভাব্য আয়ুও অনুমান করা সম্ভব।
যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের আরেক গবেষণায় দেখা গেছে, ৭৫ বছর বয়সী পুরুষদের মধ্যে সবচেয়ে ধীরগতিতে হাঁটা ব্যক্তিদের পরবর্তী ১০ বছর বেঁচে থাকার সম্ভাবনা ১৯ শতাংশ, যেখানে দ্রুতগতিতে হাঁটা ব্যক্তিদের ক্ষেত্রে তা ৮৭ শতাংশ। নারীদের ক্ষেত্রে এই হার যথাক্রমে ৩৫ ও ৯১ শতাংশ।
৪০ বছর বা তার বেশি বয়সীদের জন্য প্রতি সেকেন্ডে গড় হাঁটার গতির কিছু তুলনামূলক মান রয়েছে। নারীদের ক্ষেত্রে ৪০-৪৯ বছরে ১.৩৯, ৫০-৫৯ বছরে ১.৩১, ৬০-৬৯ বছরে ১.২৪, ৭০-৭৯ বছরে ১.১৩ এবং ৮০-৮৯ বছরে ০.৯৪ মিটার। পুরুষদের ক্ষেত্রে একই বয়সের ধাপে যথাক্রমে ১.৪৩, ১.৪৩, ১.৩৪, ১.২৬ ও ০.৯৭ মিটার। তবে হাঁটার গতিতে বয়স ছাড়াও বিভিন্ন বিষয় প্রভাব ফেলে। তাই ধীরে হাঁটলেই উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।
প্রতিক্রিয়ার সময় মাপুন
কোনো সংকেত দেখার বা শোনার পর কত দ্রুত সাড়া দিতে পারেন, সেটিই প্রতিক্রিয়ার সময়। স্ক্রিনে আলো জ্বলে উঠলে দ্রুত বোতাম চাপার মতো পরীক্ষার মাধ্যমে এটি মাপা যায়। গবেষণায় দেখা গেছে, প্রাপ্তবয়স্কদের প্রতিক্রিয়ার সময় প্রতি দশকে প্রায় ২ থেকে ৬ মিলিসেকেন্ড ধীর হতে পারে।
কিংস কলেজ লন্ডনের গবেষক আনা-ক্যাথারিন ব্রেমের মতে, একটি পরীক্ষার ফলের চেয়ে দীর্ঘ সময় ধরে প্রতিক্রিয়ার গতিতে কী পরিবর্তন হচ্ছে, সেটি বেশি গুরুত্বপূর্ণ। বিনা মূল্যের বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে এ পরীক্ষা করা যায়। যেমন অ্যাপলের ডিভাইসে রিফ্লেক্স অ্যান্ড রিঅ্যাকশন টাইম টেস্ট এবং অ্যাপল ও অ্যান্ড্রয়েডে সুইচডঅন। ওয়েবসাইট হিউম্যান বেঞ্চমার্কেও পরীক্ষা করা যায়, যেখানে ৮ কোটি ১০ লাখের বেশি ব্যবহারকারীর ক্লিকের সঙ্গে নিজের ফল তুলনা করার সুযোগ রয়েছে। দীর্ঘমেয়াদি পরিবর্তন বুঝতে প্রতিবার একই অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করা ভালো।
ন্যাভিগেশন টেস্ট
পরিচিত জায়গায় যাতায়াতের পথ মনে রাখা সহজ হলেও অপরিচিত জায়গায় পথ খুঁজে বের করতে মস্তিষ্ককে বেশি কাজ করতে হয়। এ সক্ষমতাকে বলা হয় স্থানিক দিকনির্দেশনা বা স্পেশাল নেভিগেশন। কিংস কলেজ লন্ডনের গবেষক ব্রেমের মতে, আলঝেইমার রোগের প্রাথমিক লক্ষণ বোঝার ক্ষেত্রে এই দক্ষতার পরিবর্তন গুরুত্বপূর্ণ হতে পারে।
এ পরীক্ষার জন্য স্মৃতি থেকে নিজের বাড়ি থেকে নিকটবর্তী রেলস্টেশন, পোস্ট অফিস কিংবা ক্যাফে পর্যন্ত যাওয়ার একটি মানচিত্র আঁকুন। এতে রাস্তার নাম, মোড়, দূরত্ব ও পরিচিত স্থাপনার অবস্থান উল্লেখ করার চেষ্টা করুন। সময়ের সঙ্গে মানচিত্র আঁকতে অসুবিধা হলে কিংবা পথ খুঁজতে বাইরের নির্দেশনার ওপর নির্ভরতা বেড়ে গেলে বিষয়টি লক্ষ রাখা প্রয়োজন। তবে স্থানিক দিকনির্দেশনার সমস্যা সব ধরনের ডিমেনশিয়ার লক্ষণ নয়।
অনলাইনে মস্তিষ্কের পরীক্ষা
বর্তমানে স্মৃতি, মনোযোগ, যুক্তি ও তথ্য প্রক্রিয়াকরণের দক্ষতা যাচাইয়ের জন্য অনলাইনে বিভিন্ন পরীক্ষা রয়েছে। আগে এসব পরীক্ষার জন্য গবেষণাগার ও প্রশিক্ষিত মনোবিজ্ঞানীর প্রয়োজন হতো। এখন স্মার্টফোনের মাধ্যমেই অনেক পরীক্ষা দেওয়া যায়। তবে নিয়মিত ব্রেন ট্রেনিং গেম খেললেই যে বুদ্ধিবৃত্তিক সক্ষমতা বাড়বে, গবেষণায় তার নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
অধ্যাপক ডেভিড শার্পের সুপারিশ করা একটি বৈজ্ঞানিক প্ল্যাটফর্ম হলো ‘কগনিট্রন’ (Cognitron)। বিভিন্ন একাডেমিক গবেষণায় ব্যবহৃত এই প্ল্যাটফর্মে পাঁচ লাখের বেশি মানুষ পরীক্ষা দিয়েছেন। পুরো পরীক্ষায় প্রায় ৩০ মিনিট সময় লাগে। এতে স্মৃতি, মনোযোগ, যুক্তি ও তথ্য প্রক্রিয়াকরণের দক্ষতা যাচাই করা হয়। পরীক্ষার শেষে নিজের বয়সী মানুষের সঙ্গে ফলাফল তুলনা করার সুযোগ পাওয়া যায়। তবে এটি মস্তিষ্কের নির্দিষ্ট জৈবিক বয়স জানায় না। বরং বর্তমান মানসিক সক্ষমতা সম্পর্কে একটি ধারণা দেয়।
আপনার মস্তিষ্কের বয়স পরীক্ষার এই পদ্ধতিগুলো কেবল একটি প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। হাঁটার গতি বা রিঅ্যাকশন টাইম কম মানেই যে আপনি অসুস্থ, এমনটি ভাবার কারণ নেই; এগুলো পরিস্থিতির ওপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। তবে এই ফলাফলগুলো যদি সময়ের সাথে সাথে ক্রমাগত খারাপ হতে থাকে, তবেই সতর্ক হওয়া প্রয়োজন।
সূত্র : বিবিসি



