ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার ইঙ্গিত

নিহত শিক্ষার্থীদের দাফনের জন্য প্রস্তুত করা হয় এসব কবর। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন গত শনিবার ইরানে হামলা শুরু করে তখন দেশটির দক্ষিণাঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয় আক্রান্ত হয়। এতে ১৬৫ জন নিহত হয়েছে বলে জানা যায়।
হামলার পর স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছিলেন, ওই স্কুলে যখন হামলা হয় তখন ১৭০ জনের মতো শিক্ষার্থী ছিল। অর্থাৎ বলতে গেলে স্কুলে উপস্থিত থাকা প্রায় সবাই নিহত হয়েছে।
এ ঘটনায় যুক্তরাষ্ট্র দায়ী বলে মনে করছে সামরিক তদন্তকারীরা। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক তদন্তকারীরা মনে করছেন, ইরানের একটি মেয়েদের স্কুলে চালানো হামলার জন্য সম্ভবত যুক্তরাষ্ট্রের বাহিনী দায়ী। ওই হামলায় ১৬৫ জন শিশু নিহত হয়েছে বলে জানা গেছে।
রয়টার্স দুইজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, স্কুলে বোমা হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের চলমান তদন্ত এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি এবং তদন্তের কাজও এখনো শেষ হয়নি।
ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার ক্ষেপণাস্ত্র হামলা হয়। হামলাটি যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জেনেভায় জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আলি বাহরেইনি জানান, এই হামলায় প্রথমে ১৫০ জন শিক্ষার্থী নিহত হয়েছে বলে রিপোর্ট করা হয়েছিল। পরে মৃতের সংখ্যা ১৬৫ জন বলা হয়।
এই হামলায় নিহত স্কুলছাত্রী ও স্কুলের কর্মীদের স্মরণে চলতি সপ্তাহে ইরানে গণশোক ও জানাজার আয়োজন করা হয়।
আন্তর্জাতিক আইনের অধীনে ইচ্ছাকৃতভাবে কোনো স্কুল, হাসপাতাল বা অন্য বেসামরিক স্থাপনায় হামলা চালানো যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়।







