একজন ‘সম্মানিত’ ইরানি নেতার সঙ্গে আলোচনা হয়েছে ট্রাম্পের

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ইরানের শাসনব্যবস্থার একজন ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যুদ্ধ শেষ করার লক্ষ্যে কথা বলছে বলে সোমবার দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ আলোচনা নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে হয়নি বলে জানান তিনি।
সিএনএনের সাংবাদিক কেটলান কলিন্সের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছেন, ‘একজন শীর্ষ ব্যক্তি। ভুলে যাবেন না—আমরা নেতৃত্বের প্রথম, দ্বিতীয় এবং বেশিরভাগ তৃতীয় স্তরই ধ্বংস করে দিয়েছি। কিন্তু এখন আমরা এমন একজনের সঙ্গে কাজ করছি, যিনি সবচেয়ে সম্মানিত এবং নেতা—যদিও পরিস্থিতি কিছুটা জটিল, কারণ আমরা প্রায় সবাইকেই সরিয়ে দিয়েছি।’
ট্রাম্প জানান, এই আলোচনায় স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার জড়িত রয়েছেন, তবে ইরানের পক্ষের ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি।
কলিন্স যখন জানতে চান, যুক্তরাষ্ট্র কি খামেনির সঙ্গে কথা বলছে, ট্রাম্প উল্লেখ করেন, ‘না, সর্বোচ্চ নেতার সঙ্গে নয়।’
তিনি আরও উল্লেখ করেন, ‘আমরা তার ছেলের কাছ থেকেও কোনো বার্তা পাইনি। মাঝে মাঝে কিছু বিবৃতি দেখা যায়, কিন্তু আমরা জানি না সে জীবিত কিনা।’
ট্রাম্প যোগ করেন, ‘আমি তাকে সত্যিকারের নেতা হিসেবে মনে করি না।’
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের চলমান আলোচনা সম্পর্কিত দাবিকে প্রত্যাখ্যান করে বলেছে, ট্রাম্প মূলত সামরিক পরিকল্পনার জন্য সময় কিনতে ও জ্বালানির দাম কমাতে এ ধরনের বক্তব্য দিচ্ছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘মার্কিন প্রেসিডেন্টের এসব বক্তব্য জ্বালানির দাম কমানো এবং তার সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় নেওয়ার প্রচেষ্টার অংশ।’
তারা আরও বলেছে, ‘উত্তেজনা কমাতে আঞ্চলিক দেশগুলোর কিছু উদ্যোগ রয়েছে এবং সেগুলোর প্রতি আমাদের অবস্থান স্পষ্ট—এই যুদ্ধ আমরা শুরু করিনি, তাই এসব আহ্বান ওয়াশিংটনের প্রতিই জানানো উচিত।’
সূত্র: সিএনএন, মেহর
















