ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে, দাবি ট্রাম্পের

২০০০ সালের ২০ মে রাশিয়ার সারাতভ শহরের কাছে গর্নি এলাকায় রাসায়নিক অস্ত্রের গুদামে বিষাক্ত পদার্থভর্তি ধাতব পাত্র পরীক্ষা করছেন দুই রুশ সেনা। ফাইল ছবি / রয়টার্স
ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইরানের কোনো হামলা হলে দেশটিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরান এখন ‘গ্যাস ও জীবাণু অস্ত্র’ নিয়ে কাজ করছে। তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের হামলার কারণে ইরানের পক্ষে পরমাণু সক্ষমতা অর্জনের চেষ্টা চালানো আরও কঠিন হয়ে পড়েছে।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য হামলা নিয়ে উদ্বেগের কোনো কারণ দেখছেন কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি তেমনটা মনে করেন না। তবে হামলা হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘এমন কিছু ঘটলে আমরা তাদের নিশ্চিহ্ন করে দেব।’ এটি প্রতিশ্রুতি কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কথা দিচ্ছি।’
সাক্ষাৎকারে ইরানে গত আট মাসে ৭৫ হাজার বিক্ষোভকারীকে হত্যার অভিযোগও করেছেন ট্রাম্প। তবে এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তেহরানের দাবি, সরকারবিরোধী বিক্ষোভে প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে, অধিকারকর্মীদের দাবি, সরকারি দমন-পীড়নে নিহতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে।
ট্রাম্পের দাবি, ইরানের মানুষ বিক্ষোভ করতে চান, কিন্তু নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার ভয়ে রাস্তায় নামছেন না। এ সময় তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেনি; এই সংঘাতের শুরু ৫১ বছর আগে।
ইরানের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নিয়েও নিজের অবস্থান থেকে সরে আসেননি ট্রাম্প। তিনি বলেছেন, একই পরিস্থিতি আবার তৈরি হলে তিনি আবারও যুদ্ধের সিদ্ধান্ত নিতেন।
আলাস্কার সিনেট আসনেও হারলেন ট্রাম্পের প্রার্থী, ডেমোক্র্যাট মেরি পেলটোলার জয়
১৮ নভেম্বর ২০২৬
যুদ্ধের রাজনৈতিক প্রভাব পড়তে পারে বলে স্বীকার করেছেন ট্রাম্প। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পাবে না বলে জানিয়েছেন তিনি।
সূত্র : আলজাজিরা




