চার দশক পর সিএনএন ছাড়ছেন ক্রিস্টিয়ান আমানপুর

ক্রিস্টিয়ান আমানপুর। ফাইল ছবি / রয়টার্স
দীর্ঘ ৪৩ বছর পর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান আন্তর্জাতিক উপস্থাপক ক্রিস্টিয়ান আমানপুর। আগামী বছর তিনি সিএনএন থেকে বিদায় নেবেন।
৬৮ বছর বয়সী আমানপুর এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘অনেক মাস ধরে চিন্তাভাবনা এবং কয়েকটি নির্ঘুম রাতের পর আমি সিএনএন থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিষ্ঠানটি অসাধারণ ৪৩ বছর ধরে আমার সঙ্গী ছিল।’
সিএনএন ছাড়ার পর নতুন কিছু প্রকল্পে কাজ করার আশা প্রকাশ করেছেন আমানপুর। একই সঙ্গে সিএনএনের স্বাধীন সাংবাদিকতার ঐতিহ্যের প্রতি নিজের সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।
আমানপুর বলেছেন, ‘মনে রাখবেন: সব সময় সত্যনিষ্ঠ থাকবেন, নিরপেক্ষ নয়।’
সিএনএনের চেয়ারম্যান মার্ক থম্পসন আমানপুরকে ‘বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত ও প্রিয় সাংবাদিকদের একজন’ হিসেবে বর্ণনা করেছেন। আগামী বছর তার বিদায়ের আগে দীর্ঘ কর্মজীবন উদ্যাপনের জন্য সিএনএন সময় নেবে বলেও জানিয়েছেন তিনি।
থম্পসন বলেছেন, ‘তাকে চলে যেতে দেখে আমি খুবই দুঃখিত। তবে ব্যক্তিগত ও পেশাগত—দুই দিক থেকেই এটি তার জন্য সঠিক সময় বলে আমি মেনে নিয়েছি।’
সিএনএনে আমানপুরের ৪৩ বছরের সাংবাদিকতা, আনুগত্য ও বন্ধুত্বের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন থম্পসন।
১৯৮৩ সালে সিএনএনের আন্তর্জাতিক সংবাদ ডেস্কে সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন আমানপুর। পরে তিনি সংবাদমাধ্যমটির অন্যতম পরিচিত আন্তর্জাতিক সংবাদদাতা হয়ে ওঠেন। বিশেষ করে যুদ্ধ ও সংঘাতপূর্ণ এলাকা থেকে প্রতিবেদনের জন্য পরিচিতি পান তিনি।
নিজের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে আমানপুর প্রথম উপসাগরীয় যুদ্ধ, বসনিয়া, রুয়ান্ডা, আফগানিস্তান, ইউক্রেন ও ইরান থেকে সংবাদ সংগ্রহের কথা উল্লেখ করেছেন।
সহকর্মী ও মাঠপর্যায়ের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, সত্য, তথ্য-প্রমাণ ও মানবিক দিক খুঁজে বের করতে তারা একসঙ্গে কাজ করেছেন। তার ভাষায়, লক্ষ্য ছিল সিএনএন যেন ‘ভয় বা পক্ষপাত ছাড়াই বিশ্ব সম্পর্কে এবং বিশ্বের কাছে সত্য তুলে ধরতে পারে।’
২০০৯ সাল থেকে সিএনএন ইন্টারন্যাশনালে নিজের নামে একটি নিয়মিত সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান উপস্থাপনা করছেন আমানপুর।
সূত্র : বিবিসি




