অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা বেশিদিন টিকবেন না: ট্রাম্প

সংগৃহীত ছবি
ইরান অনুমোদন ছাড়া নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করলে সেই নেতা ‘দীর্ঘদিন টিকতে পারবেন না’ বলে রবিবার মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এবিসি নিউজকে ট্রাম্প বলেছেন, ‘তাকে আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। যদি আমাদের অনুমোদন না পায়, তাহলে সে বেশিদিন টিকবে না।’
এই মন্তব্য এমন সময় এলো, যখন খামেনির উত্তরসূরি নির্বাচনের দায়িত্বে থাকা ইরানের ধর্মীয় পরিষদ ভোটাভুটি সম্পন্ন করেছে এবং শিগগিরই নতুন নেতার নাম ঘোষণা করা হতে পারে বলে খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। রাজধানী তেহরানসহ ইরানের বড় বড় শহরগুলোতে হামলা চালানো হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির নেতৃত্বের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হন। এরপর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বড় ধরনের পাল্টা অভিযানের ঘোষণা দেয়।




