ইমিগ্র্যান্ট শিক্ষার্থীদের ঘাড়ে লাখ ডলারের চাপ ট্রাম্প প্রশাসনের
- প্রাকটিক্যাল ট্রেনিং নিতে চাইলে গুনতে ৭০ হাজার ডলার

যুক্তরাষ্ট্রে 'অপশনাল প্রাকটিক্যাল ট্রেনিং' বা ওপিটিতে অংশ নিতে ইচ্ছুক (এফ—১ ভিসাধারী) নন—ইমিগ্র্যান্ট শিক্ষার্থীদের গুনতে হবে লাখ ডলার। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি একটি প্রস্তাবিত বিধি ঘোষণা করেছে। এটি চূড়ান্ত হলে, 'অপশনাল প্রাকটিক্যাল ট্রেনিং' বা ওপিটিতে অংশ নিতে ইচ্ছুক (এফ—১ ভিসাধারী) নন—ইমিগ্র্যান্ট শিক্ষার্থীদের জন্য নতুন ফি কার্যকর হবে। ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়ের সাথে সম্পর্কিত একটি অস্থায়ী কর্মসংস্থান অনুমোদন ব্যবস্থা। এই নতুন ফি’র লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রে সস্তা শ্রমের প্রবাহ কমানো এবং চাকরির বাজারে মার্কিন নাগরিকদের প্রতিযোগিতার সুযোগ সহজতর করা। বুধবার ৭ অক্টোবর হোমল্যান্ড সিকিউরিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। যদিও এতে প্রথম ৭০ ও পরে ৩০ হাজার ডলার চাওয়া হয়েছে সুপারিশকারি শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে। বাস্তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কাজের সুযোগ দেয়ার নামে আদায় করবে ছাত্রছাত্রীদের কাছ থেকে। এতে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ট্রাম্প প্রশাসন বলছে, মার্কিন কর্মসংস্থান রক্ষায় বিদেশি শিক্ষার্থীদের জন্য এই ফি প্রস্তাব করেছে।
প্রস্তাবিত বিধি অনুযায়ী, প্রাথমিক ওপিটি—র জন্য প্রতি এফ—১ নন—ইমিগ্র্যান্ট শিক্ষার্থীকে ৭০ হাজার ডলার এবং পরবর্তী যেকোনো ওপিটি—র জন্য ৩০ হাজার ডলার ফি দিতে হবে। জালিয়াতি ও অপব্যবহার রোধ, অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি এবং মার্কিন কর্মীদের সুরক্ষার লক্ষ্যে ডিএইচএস/ ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এই ফি’র প্রস্তাব করছে।
ডিএইচএস—এর একজন মুখপাত্র বলেন, "অপশনাল প্রাকটিক্যাল ট্রেনিং—এর উদ্দেশ্য কখনোই এমন ছিল না যে এটি মার্কিন শ্রমবাজারে প্রবেশের একটি গোপন পথ বা 'ব্যাক ডোর' হিসেবে কাজ করবে। সস্তা শ্রমের জন্য ভর্তুকি হবে, কিংবা যারা নিয়ম—কানুন ফাঁকি দিয়ে সুবিধা নেয় তাদের জন্য কোনো পুরস্কার হবে। ডিএইচএস ওপিটি ব্যবস্থায় এমন পরিবর্তন আনছে যার ফলে বিদেশি শিক্ষার্থীদের নিয়োগকর্তাদের কাছে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। সস্তা বিদেশি শ্রমের একটি উৎসে পরিণত হওয়া কোনো কর্মসূচির বিরুদ্ধে মার্কিন কর্মীদের প্রতিযোগিতা করতে বাধ্য করা উচিত নয়।"
বিদ্যমান ফেডারেল বিধিমালা অনুযায়ী, যোগ্য এফ—১ নন—ইমিগ্র্যান্ট শিক্ষার্থীরা ওপিটিতে অংশ নিতে পারেন, যদি সেই ওপিটি তাদের অধ্যয়নের প্রধান বিষয়ের (মেজর) সাথে সরাসরি সম্পর্কিত হয়। এতে অংশগ্রহণের জন্য, এফ—১ নন—ইমিগ্র্যান্ট শিক্ষার্থীদের তাদের শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত কর্মকর্তা বা 'ডেজিগনেটেড স্কুল অফিশিয়াল' এর কাছ থেকে সুপারিশ নিতে হয় এবং 'ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস' (ইমসসিআইএস)—এর কাছে কর্মসংস্থান অনুমোদনের জন্য আবেদন করতে হয়।
এফ—১ নন—ইমিগ্র্যান্ট শিক্ষার্থীরা তাদের শিক্ষাক্রম চলাকালীন (প্রি—কমপ্লিশন ওপিটি) অথবা শিক্ষাক্রম শেষ করার পর (পোস্ট—কমপ্লিশন ওপিটি) ওপিটি—র জন্য আবেদন করতে পারেন। যোগ্য এফ—১ নন—ইমিগ্র্যান্ট শিক্ষার্থীরা প্রতিটি শিক্ষাস্তরে সর্বোচ্চ ১২ মাস মেয়াদী ওপিটি সুবিধা পেতে পারেন। যারা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল বা গণিত বিষয়ে ডিগ্রি অর্জন করেন, তারা অতিরিক্ত ২৪ মাস পর্যন্ত সময়সীমা বৃদ্ধির (এক্সটেনশন) জন্য যোগ্য হতে পারেন। 'স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম' এর চিহ্নিত জালিয়াতি ও অপব্যবহারের প্রেক্ষিতে হোমল্যান্ড সিকিউরিটি এই নতুন নিয়মটি প্রস্তাব করছে। অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং এ এফ—১ নন—ইমিগ্র্যান্ট শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ার সাথে সাথে এসইভিপি (স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম) এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান, মনোনীত কর্মকর্তা, নিয়োগকর্তা এবং শিক্ষার্থীর সন্ধান পেয়েছে যারা বিদ্যমান নিয়মকানুনের অপব্যবহার বা জালিয়াতির সাথে জড়িত। এর মধ্যে রয়েছে সমস্যাপূর্ণ কর্মস্থল এবং "পে—টু—স্টে" (থাকার বিনিময়ে অর্থ প্রদান) বা ভুয়া ভিসার ব্যবস্থা।
ডিএইচএস এর মতে, প্রস্তাবিত ফি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এফ—১ শিক্ষার্থীদের ওপিটি এর জন্য সুপারিশ করার ক্ষেত্রে আরও সতর্ক ও বাছাইমূলক হতে উৎসাহিত করবে। যা জালিয়াতি কমাতে এবং কর্মসূচির স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বাড়াতে সহায়তা করবে।
এই প্রস্তাবিত নিয়মটি সাম্প্রতিক নির্বাহী আদেশ এবং অন্যান্য রাষ্ট্রপতির নির্দেশনার সাথেও সামঞ্জস্যপূর্ণ। মার্কিন কর্মীদের সুরক্ষা এবং কর্মসংস্থান—ভিত্তিক অভিবাসন কর্মসূচির নির্ভরযোগ্যতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। বর্ধিত ফি কর্মসূচির তদারকিতে সহায়তা করবে এবং নিশ্চিত করবে যে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী এবং নিয়োগকর্তারা যেন ওপিটি এর উদ্দেশ্য ও প্রযোজ্য নিয়মকানুন মেনে এটি ব্যবহার করেন।
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ফি জমা দিতে হবে দুটি পর্যায়ে: প্রথমত, মনোনীত কর্মকর্তারা 'স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম' এ কোনো এফ—১ শিক্ষার্থীর জন্য ওপিটি এর সুপারিশ করার আগে; এবং দ্বিতীয়ত, শিক্ষার্থীরা ইউএসসিআইএস এর কাছে কর্মসংস্থানের অনুমতির জন্য আবেদন করার আগে। শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত ফি জমা না দিলে ইউএসসিআইএস শিক্ষার্থীদের কর্মসংস্থানের অনুমতি প্রদান করবে না।
হোমল্যান্ড সিকিউরিটি ৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত এই প্রস্তাবিত নিয়মের বিষয়ে জনসাধারণের মতামত গ্রহণ করবে। এছাড়া, এই নিয়মের 'পেপারওয়ার্ক রিডাকশন অ্যাক্ট' (কাগজপত্রের কাজ কমানো সংক্রান্ত আইন) অংশের জন্য ৬০ দিনের একটি মতামত প্রদানের সময়সীমা থাকবে। হোমল্যান্ড সিকিউরিটি এর বিবেচনার জন্য কীভাবে মতামত জমা দিতে হবে, সে সংক্রান্ত নির্দেশনার জন্য জনসাধারণকে 'ফেডারেল রেজিস্টার'—এর বিজ্ঞপ্তিটি দেখতে হবে। মতামত প্রদানের সময়সীমা শেষ হওয়ার পর, হোমল্যান্ড সিকিউরিটি যথাযথভাবে জমা দেওয়া সমস্ত মতামত ও নথিপত্র পর্যালোচনা করবে এবং জনসাধারণের মতামতের ভিত্তিতে নিয়মটিতে পরিবর্তন আনতে পারে।



