এই মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্র অনেক প্রথমের সৃষ্টি

টেক্সাসের ওয়েসলাকোয় নির্বাচনী সমাবেশে এক সাক্ষাৎকারের সময় কথা শুনছেন জিনা হিনোজোসা। ফাইল ছবি/ রয়টার্স
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্য ও জাতীয় পর্যায়ে একাধিক প্রার্থী ইতিহাস গড়তে যাচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর, প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ সিনেটর এবং কয়েকটি অঙ্গরাজ্যের প্রথম নারী, মুসলিম ও আদিবাসী প্রতিনিধি।
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর
জর্জিয়ার গভর্নর নির্বাচিত হতে যাচ্ছেন ডেমোক্র্যাট কেইশা ল্যান্স বটমস। পূর্ণাঙ্গ ফলাফলে তিনি জয়ী হলে জর্জিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর, প্রথম নারী গভর্নর এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হবেন।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত আটলান্টার মেয়র ছিলেন বটমস। ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের রানিংমেট হওয়ার সম্ভাব্য তালিকাতেও ছিলেন তিনি। পরে বাইডেন প্রশাসনে যোগ দেন।
নির্বাচনে ট্রাম্প-সমর্থিত রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে হারাতে যাচ্ছেন তিনি। প্রচারে স্বাস্থ্যবিমার আওতা বাড়ানো, বাড়ির মালিকদের কর ছাড় এবং শিক্ষায় বরাদ্দ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বটমস।
যুক্তরাষ্ট্রের প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ সিনেটর
নিউ হ্যাম্পশায়ার থেকে সিনেটর নির্বাচিত হচ্ছেন ডেমোক্র্যাট ক্রিস পাপাস। জয়ী ঘোষিত হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সমকামী পুরুষ সিনেটর।
চারবারের কংগ্রেস সদস্য পাপাসের জয়ে সিনেটে একটি গুরুত্বপূর্ণ আসন ধরে রাখছে ডেমোক্র্যাটরা।
ফ্লোরিডার প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর
ফ্লোরিডার গভর্নর নির্বাচিত হতে যাচ্ছেন রিপাবলিকান বায়রন ডোনাল্ডস। তিনি জয়ী হলে অঙ্গরাজ্যটির প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হবেন।
নির্বাচনী প্রচারে কর সংস্কার, তথ্যকেন্দ্র নিয়ন্ত্রণ এবং ট্রাম্পের নীতির প্রতি সমর্থনের কথা বলেছেন তিনি। ট্রাম্পের সমর্থনও পেয়েছিলেন ডোনাল্ডস।
সাউথ ক্যারোলাইনা থেকে প্রথম নির্বাচিত নারী সিনেটর
সাউথ ক্যারোলাইনা থেকে সিনেটর নির্বাচিত হতে যাচ্ছেন ডেমোক্র্যাট অ্যানি অ্যান্ড্রুজ। তিনি জয়ী হলে অঙ্গরাজ্যটি থেকে সরাসরি ভোটে নির্বাচিত প্রথম নারী সিনেটর হবেন।
রিপাবলিকান প্রার্থী ডারলিন গ্রাহামকে হারিয়ে প্রায় তিন দশক ধরে রিপাবলিকানদের দখলে থাকা আসনটি ডেমোক্র্যাটদের হাতে তুলে দিতে যাচ্ছেন তিনি।
টেক্সাসের প্রথম হিস্পানিক গভর্নর
টেক্সাসের গভর্নর নির্বাচিত হতে যাচ্ছেন ডেমোক্র্যাট জিনা হিনোজোসা। তিনি জয়ী হলে অঙ্গরাজ্যটির প্রথম হিস্পানিক গভর্নর হবেন। প্রায় ১২ বছর দায়িত্ব পালন করা রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে হারাতে যাচ্ছেন তিনি। ১৯৯০ সালের পর প্রথম ডেমোক্র্যাট হিসেবে টেক্সাসের গভর্নর হবেন হিনোজোসা। একই সঙ্গে তিনি হবেন অঙ্গরাজ্যটির তৃতীয় নারী গভর্নর।
কলোরাডো থেকে কংগ্রেসের প্রথম কৃষ্ণাঙ্গ নারী সদস্য
কলোরাডোর প্রথম কৃষ্ণাঙ্গ নারী কংগ্রেস সদস্য হতে যাচ্ছেন মেলাট কিরোস। তিনি অঙ্গরাজ্যটির প্রথম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়েছেন বলে পূর্বাভাস দিয়েছে সিএনএন। ২৯ বছর বয়সী আইনজীবী কিরোস একজন ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী। তিনি প্রতিনিধি পরিষদের সবচেয়ে কম বয়সী সদস্যদের একজনও হতে যাচ্ছেন।
প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সাইয়েদ
ফিলিস্তিনপন্থী ডেমোক্র্যাট আবদুল এল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন। রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে জায়গা করে নিয়েছেন তিনি। মোট ভোটের প্রায় ৫২ শতাংশ পেয়েছেন এল-সাইয়েদ। প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ২ লাখ ৫২ হাজার ভোটে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন তিনি।
মিসরীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক ও প্রগতিশীল রাজনীতিক এল-সাইয়েদের নির্বাচনী প্রচারে ইসলামবিদ্বেষী আক্রমণ চালানো হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বারবার তাকে লক্ষ্য করে বক্তব্য দিয়েছেন। এমনকি তাকে ‘জিহাদি’ বলে আখ্যা দিয়েছেন। মিশিগানে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেছিলেন, ‘সিনেটে ঢোকার আগে একমাত্র তাকেই মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে যেতে হবে।’
নিজ দলের ভেতর থেকেও বিরোধিতার মুখে পড়েছিলেন এল-সাইয়েদ। গত আগস্টে ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক নির্বাচনে হ্যালি স্টিভেন্সকে প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দলীয় মনোনয়ন পান তিনি। পরে স্টিভেন্স দলীয় অবস্থানের বাইরে গিয়ে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন দেন। এল-সাইয়েদের প্রতিদ্বন্দ্বী স্টিভেন্সের পক্ষে প্রায় ৩ কোটি ডলার ব্যয় করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জয়ের পর এল-সাইয়েদ বলেছেন, ‘আমেরিকার মহত্ত্ব তার দুর্বলতাগুলো উপেক্ষা করার মধ্যে নয়; বরং সেগুলো সংশোধনের সাহসের মধ্যে।’
এল-সাইয়েদের মা-বাবা মিসর থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছিলেন। মিশিগানের রচেস্টার হিলে জন্ম ও বেড়ে ওঠা তার। পেশায় চিকিৎসক এল-সাইয়েদ এর আগে ওয়েন কাউন্টির স্বাস্থ্য পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নিউ জার্সি থেকে কংগ্রেসের প্রথম মুসলিম সদস্য
নিউ জার্সির ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়ে প্রথম মুসলিম কংগ্রেস সদস্য হতে যাচ্ছেন ডেমোক্র্যাট অ্যাডাম হামাউই। অবসরপ্রাপ্ত এই মার্কিন সেনা চিকিৎসক ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত। ডেমোক্র্যাটদের প্রগতিশীল অংশের সঙ্গে থাকা হামাউই সবার জন্য স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা ও শিক্ষাঋণ বাতিলের পক্ষে।
নিউ ইয়র্ক থেকে কংগ্রেসের প্রথম আদিবাসী নারী সদস্য
নিউ ইয়র্কের সপ্তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে জয়ী হতে যাচ্ছেন ক্লেয়ার ভালদেজ। তিনি অঙ্গরাজ্যটি থেকে কংগ্রেসে নির্বাচিত প্রথম আদিবাসী নারী হবেন। এর আগে এক মেয়াদে অঙ্গরাজ্যের আইনসভার সদস্য ছিলেন তিনি। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি তার প্রচারে সমর্থন দিয়েছিলেন।
মিশিগান থেকে কংগ্রেসে প্রথম সমকামী সদস্য
মিশিগানের ১১তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে জয়ী হতে যাচ্ছেন জেরেমি মস। তিনি অঙ্গরাজ্যটি থেকে কংগ্রেসে নির্বাচিত প্রথম প্রকাশ্যে সমকামী সদস্য হবেন। এর আগে অঙ্গরাজ্যের সিনেটর ছিলেন মস। সিনেট নির্বাচনে অংশ নিতে পদ ছাড়ার পর হ্যালি স্টিভেন্সের ছেড়ে যাওয়া আসনে জয়ী হতে যাচ্ছেন তিনি।
ওহাইওর প্রথম নির্বাচিত নারী গভর্নর
ওহাইওর গভর্নর নির্বাচিত হতে যাচ্ছেন ডেমোক্র্যাট অ্যামি অ্যাক্টন। তিনি জয়ী হলে অঙ্গরাজ্যটির ইতিহাসে প্রথম নির্বাচিত নারী গভর্নর হবেন। চিকিৎসক অ্যাক্টন রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীকে হারাতে যাচ্ছেন। ২০০৬ সালের পর তিনিই হবেন ওহাইওর প্রথম ডেমোক্র্যাট গভর্নর। প্রচারে মধ্যবিত্ত ও বয়স্ক বাড়ির মালিকদের সম্পত্তি কর কমানো এবং তথ্যকেন্দ্রগুলোর নিজস্ব বিদ্যুৎ ব্যয় বহনের শর্তে ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
ক্যালিফোর্নিয়ার প্রথম নির্বাচিত লাতিনো গভর্নর
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচিত হতে যাচ্ছেন জেভিয়ার বেসেরা। তিনি জয়ী হলে অঙ্গরাজ্যটির প্রথম নির্বাচিত লাতিনো গভর্নর হবেন। সাবেক কংগ্রেস সদস্য, অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এবং বাইডেন প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রী বেসেরা রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটনকে হারাতে যাচ্ছেন। তার জয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্যটিতে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ বজায় থাকবে।
সূত্র- সিএনএন



