পোস্টাল ব্যালট গণনা বন্ধে ট্রাম্পের আবেদন খারিজ
- নির্বাচনের আগেই ট্রাম্পের আরেক পরাজয়

সংগৃহীত ছবি
ক্যালিফোর্নিয়ায় ডাকযোগে আসা ২০ হাজারের বেশি ভোটারের ব্যালট গণনা স্থগিত রাখার আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ শুরুর মাত্র ১৬ ঘণ্টা আগে ট্রাম্প প্রশাসনের এই আবেদন প্রত্যাখ্যান করলেন আদালত। এতে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টায় আরেক দফা ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নির্বাচনের আগের দিন সোমবার সকালে সুপ্রিম কোর্টে জরুরি আবেদনটি করেছিল ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ। তাদের অভিযোগ, ক্যালিফোর্নিয়ায় ডাকযোগে ভোট দেওয়া ২০ হাজারের বেশি ভোটারের মধ্যে এমন ব্যক্তিরা থাকতে পারেন, যারা যুক্তরাষ্ট্রের নাগরিক নন। এসব ভোটারের নাগরিকত্ব নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের ব্যালট গণনা বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছিল।
তবে সুপ্রিম কোর্ট আবেদনটি প্রত্যাখ্যান করায় বিতর্কিত ব্যালট নিয়ে প্রশাসনের আপত্তি নাকচ হয়ে গেল। এসব ব্যালট গণনা বন্ধ থাকলে হাজার হাজার ভোটারের ভোটাধিকার ক্ষতিগ্রস্ত হতে পারত। একই সঙ্গে নির্বাচনের ফল নিয়েও অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা ছিল। এর আগে শুক্রবার একটি ফেডারেল আপিল আদালতও ট্রাম্প প্রশাসনের একই আবেদন প্রত্যাখ্যান করেছিলেন।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার লড়াইয়ে থাকা রিপাবলিকানদের জন্য আদালতের এই সিদ্ধান্তকে বড় ধাক্কা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এদিকে রিপাবলিকান পার্টির জনপ্রিয়তায় আকস্মিক অবনতির পর ডেমোক্র্যাটদের সিনেট জয়ের সম্ভাবনা বেড়েছে। একজন শীর্ষ তথ্যবিজ্ঞানীর নির্বাচনী পূর্বাভাস মডেল অনুযায়ী, সিনেটে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা ৯০ শতাংশে পৌঁছেছে। রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কানসাস, নর্থ ক্যারোলাইনা ও টেক্সাসেও ডেমোক্র্যাটদের পক্ষে জনমত ঝুঁকে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। নির্বাচনের আগে এই পরিস্থিতি নতুন চমক তৈরি করেছে।




