বিশ্বকে ফের হতাশ করলেন ট্রাম্প

সংগৃহীত ছবি
বন্ধ হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ। হরমুজ খুলবে। আবার প্রাণ ফিরে পাবে বিশ্ব জ্বালানি। মূল্যবৃদ্ধির নাভিশ্বাস থেকে মুক্ত হবে বিশ্ব। ‘রবিবারই সই হবে যুদ্ধবিরতি চুক্তি’। শনিবার নিজের সামাজিক মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ পোস্টে স্বস্তির ঢেউই এবার উঠেছিল বিশ্বে। কিন্তু দিনশেষে সেই আগের পুনরাবৃত্তি। আশার আলো দেখিয়ে বরাবরের মতো এবারও হতাশ করলেন ট্রাম্প। চুক্তি আজ হচ্ছে না। রবিবার পরিষ্কারভাবে সে কথা জানিয়ে দিল ইরান। এরপরও অবশ্য হাল ছাড়েননি ট্রাম্প।
বলেছেন, চুক্তি হবেই। ইসরায়েলের বৈরুত হামলার কারণে তা কয়েক ঘণ্টা পিছিয়েছে মাত্র। গার্ডিয়ান, বিবিসি
যুক্তরাষ্ট্রের আলোচনাধীন সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান। আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে ফার্স নিউজ।
যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের শীর্ষ নেতারা জানিয়েছিলেন, ‘রবিবার এই বহু প্রতীক্ষিত চুক্তি স্বাক্ষরিত হতে পারে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তার ৮০তম জন্মদিনে ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হতে পারে। এর পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করে বলেছেন, ‘এটি আগামীকাল (আজ) হচ্ছে না’। তবে ‘আগামী কয়েক দিনের মধ্যে’ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
চুক্তি সই বিলম্বে দায়ী ইসরায়েল: ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি (৮ জুন) চুক্তি ভেঙে রবিবার সকালে ফের লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। বৈরুতের ওই হামলার কারণেই কয়েক ঘণ্টা পিছিয়ে গেছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি। রবিবার অ্যাক্সিওসের সঙ্গে এক ফোনালাপে এ মন্তব্য করেছেন ট্রাম্প।


