ফের ৭-১ মনে করাল জার্মানি

ছবি: রয়টার্স
চারবারের শিরোপাজয়ী জার্মানির এবারের বিশ্বকাপের শুরুটা হয়েছে বড় জয়ে। ৪৮ দলের বিশ্বকাপের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কুরাসাওকে জার্মানরা হারিয়েছে ৭-১ ব্যবধানে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বড় ব্যবধানে হারলেও পরাশক্তি জার্মানির বিপক্ষে এক গোল করতে পারার তৃপ্তি সঙ্গী হয়েছে কুরাসাওয়ের। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে এই ব্যবধানে স্বাগতিক ব্রাজিলকে হারিয়েছিল জার্মানরা।
শেষ দুই আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া জার্মানি ম্যাচের ষষ্ঠ মিনিটে ফেলিক্স এনমেচার গোলে এগিয়ে যায়। ফ্লোরিয়েন ভির্টসের পাস ধরে বক্সের ডান প্রান্ত থেকে এনমেচারের ডান পায়ের শট জাল খুঁজে নেয়।
তবে এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২১ মিনিটে জার্মানিকে থমকে দেন কুরাসাওয়ের লিভানো কোমেনেনসিয়া। তবে ম্যাচের ৩৮ মিনিটে নাথানিয়েল ব্রাউনের কর্নারে শ্লোটারবেকের হেড জার্মানকে ফের লিড এনে দেয়। আর যোগ করা সময়ে কাই হাভার্টজ পেনাল্টি থেকে সফল লক্ষ্যভেদে জার্মানকে আরও এগিয়ে নেন।
বিরতি থেকে ফিরেই গোল করেন জার্মানির তারকা ফরোয়ার্ড জামাল মুসিয়ালা। ৬৮ মিনিটে নাথানিয়েল ব্রাউন যোগ দেন গোল উৎসবে। ৭৮ মিনিটে বদলি ডেনিজ উনডাফ জার্মানির হয়ে ষষ্ঠ গোল করেন। আর কাই হাভার্টজ ৮৮ মিনিটে দ্বিতীয় গোল করে ব্রাজিলের ৭-১ গোলে হারের স্মৃতি ফিরিয়ে আনেন।
বিশ্বকাপের ইতিহাসে জার্মানি সর্বোচ্চ ৮-০ গোলে সৌদি আরবকে হারায় ২০০২ সালে। তাদের দ্বিতীয় বড় ব্যবধানে জয় ছিল ২০১৪ বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে ৭-১। কুরাসাও একই ব্যবধানে হেরে ব্রাজিলের যন্ত্রণাটাই ভাগ করে নিলো।


