কে ধরবে জাতিসংঘের হাল
মহাসচিব নিয়ে মহাগোল

গ্রাফিকস: আগামীর সময়
যুদ্ধ থামাতে পারছে না, বড় শক্তিগুলোর বিরোধ মেটাতে পারছে না—এমন নানা প্রশ্নে যখন জাতিসংঘের ভূমিকা নিয়ে সমালোচনা বাড়ছে, তখন সংস্থাটির শীর্ষ পদটিই পড়েছে অনিশ্চয়তায়। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। কিন্তু তাঁর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে একমত হতে পারছে না নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য। আট দফা গোপন ভোটাভুটির পরও মেলেনি সমাধান। ফলে ২০২৭ সালের প্রথম দিন থেকেই জাতিসংঘের হাল কে ধরবেন, তা নিয়ে তৈরি হয়েছে নজিরবিহীন উদ্বেগ।
গুতেরেসের দ্বিতীয় পাঁচ বছরের মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। নতুন মহাসচিবের দায়িত্ব নেওয়ার কথা ২০২৭ সালের ১ জানুয়ারি। এ পদে এবার প্রতিদ্বন্দ্বিতায় আছেন আটজন। তাঁদের পাঁচজন নারী। জাতিসংঘের ৮১ বছরের ইতিহাসে এখন পর্যন্ত কোনো নারী মহাসচিব হননি। ফলে এবারের নির্বাচনে একজন নারীকে বেছে নেওয়ার দাবি যেমন জোরালো, তেমনি শেষ পর্যন্ত কে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সমর্থন পাবেন, সেটিই হয়ে উঠেছে বড় প্রশ্ন।
দৌড়ে এগিয়ে যারা
এবারের প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে রয়েছেন কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান। অর্থনীতিবিদ গ্রিনস্প্যান দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট। ২০২১ সাল থেকে তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শীর্ষ পদেও কাজ করেছেন। নিরাপত্তা পরিষদের গোপন ভোটের ফল নিয়ে ৫ নভেম্বর প্রকাশিত তথ্যে তিনি ১২টি সমর্থনসূচক ভোট পান। বিপক্ষে ছিল তিনটি। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আপত্তির আশঙ্কা তাঁর পথ কঠিন করে রেখেছে।
দ্বিতীয় অবস্থানে আছেন আর্জেন্টিনার কূটনীতিক রাফায়েল গ্রোসি। ২০১৯ সাল থেকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক তিনি। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ও আন্তর্জাতিক কূটনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। ৫ নভেম্বরের ভোটে গ্রোসি পান নয়টি সমর্থনসূচক ভোট। তবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বলে পরিচিতি থাকায় রাশিয়া ও চীনের সমর্থন পাওয়া তার জন্য কঠিন হতে পারে।
গুরুত্বপূর্ণ প্রার্থী গায়ানার ক্যারোলিন রড্রিগেস-বার্কেট। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি। ২০২০ সাল থেকে জাতিসংঘে গায়ানার স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা পরিষদে গায়ানার সদস্যপদের সময়ও প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন। ইসরায়েলের গাজা অভিযানকে ‘গণহত্যা’ বলায় যুক্তরাষ্ট্রে তাঁর প্রার্থিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
নারী প্রার্থীদের লড়াই
নারী প্রার্থীদের মধ্যে আলোচনায় আছেন সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক লানা নুসেইবেহ। ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত জাতিসংঘে আমিরাতের স্থায়ী প্রতিনিধি ছিলেন তিনি। বর্তমানে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমর্থন পাওয়ার কথা শোনা গেলেও সুদানে আধাসামরিক বাহিনীকে আমিরাতের সহায়তার অভিযোগ তার প্রার্থিতাকে চাপে ফেলেছে। অভিযোগ অস্বীকার করেছে আমিরাত।
আরেক নারী প্রার্থী ইকুয়েডরের মারিয়া ফার্নান্দা এস্পিনোসা। তিনি দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। ২০১৮-১৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে সভাপতিত্ব করেন। ইকুয়েডরের আরেক কূটনীতিক ইভোনে আ-বাকিও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কাতারে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন তিনি। দেশটির বাণিজ্যমন্ত্রী এবং আন্দীয় পার্লামেন্টের সভাপতিও ছিলেন।
পুরুষ প্রার্থীদের মধ্যে রয়েছেন উগান্ডার ওলারা ওতুনু এবং তুরস্কের ফেরিদুন সিনিরলিওলু। ওতুনু ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক বিশেষ প্রতিনিধি ছিলেন। সিনিরলিওলু তুরস্কের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার (ওএসসিই) মহাসচিব।
কীভাবে হবে নির্বাচন
জাতিসংঘ সনদের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ দেয়। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে অন্তত ৯টি সমর্থনসূচক ভোট পেতে হয়। পাশাপাশি স্থায়ী পাঁচ সদস্য—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীনের কেউ ভেটো দিতে পারবে না। এরপর ১৯৩ সদস্যের সাধারণ পরিষদ নিয়োগ চূড়ান্ত করে।
এবারের নির্বাচনপ্রক্রিয়া শুরু হয় ২০২৫ সালের ২৫ নভেম্বর। সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের সভাপতির যৌথ চিঠিতে সদস্যদেশগুলোকে প্রার্থী মনোনয়নের আহ্বান জানানো হয়। ২০২৬ সালের ২১ এপ্রিল থেকে প্রার্থীরা সাধারণ পরিষদে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন। এরপর ৩০ জুলাই থেকে নিরাপত্তা পরিষদে শুরু হয় গোপন প্রাথমিক ভোটাভুটি। এসব ভোটে সদস্যরা কোনো প্রার্থীকে সমর্থন, নিরুৎসাহিত অথবা নিরপেক্ষ থাকার ইঙ্গিত দেন। ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় না।
আগের নির্বাচন কবে
গুতেরেস প্রথমবার মহাসচিব নির্বাচিত হন ২০১৬ সালে। সে বছর ছয় দফা গোপন প্রাথমিক ভোটের পর ৬ অক্টোবর নিরাপত্তা পরিষদ তাকে সুপারিশ করে। ১৩ অক্টোবর সাধারণ পরিষদ তাকে নিয়োগ দেয়। ২০২১ সালের ৮ জুন নিরাপত্তা পরিষদ দ্বিতীয় মেয়াদের জন্য তার নাম সুপারিশ করে। ১৮ জুন সাধারণ পরিষদ তাকে পুনর্নিয়োগ দেয়। দুই ক্ষেত্রেই শেষ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটের বদলে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হয়।
নতুন মহাসচিব না মিললে?
১৯ নভেম্বর রয়টার্স জানায়, আট দফা ভোটের পরও স্থায়ী পাঁচ সদস্য কোনো প্রার্থীকে নিয়ে একমত হতে পারেনি। ৩১ ডিসেম্বরের মধ্যে সমাধান না হলে জাতিসংঘের ইতিহাসে প্রথমবারের মতো নতুন বছর শুরু হতে পারে মহাসচিব ছাড়াই। জাতিসংঘ সনদে এমন পরিস্থিতিতে স্বয়ংক্রিয়ভাবে কে দায়িত্ব নেবেন, তার স্পষ্ট বিধান নেই। গুতেরেসের মেয়াদ বাড়ানো কিংবা কোনো জ্যেষ্ঠ কর্মকর্তাকে সাময়িক দায়িত্ব দেওয়ার মতো বিকল্প নিয়ে আলোচনা হতে পারে। তবে প্রতিটি পথেই আইনি ও রাজনৈতিক জটিলতা রয়েছে।
মহাসচিবের পদ শুধু আনুষ্ঠানিক নেতৃত্বের নয়। জাতিসংঘের প্রশাসন পরিচালনা, জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ, বাজেট তদারকি এবং আন্তর্জাতিক সংকটে কূটনৈতিক ভূমিকা পালনের দায়িত্বও তার। তাই নতুন মহাসচিব বাছাইয়ে নিরাপত্তা পরিষদের অচলাবস্থা কাটবে কি না, এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব।



