হামের বিস্তারে নিউইয়র্কে জরুরি অবস্থা
- ১০৮ জন আক্রান্ত, দ্রুত বাড়ানো হচ্ছে টিকাদান ও পরীক্ষা
- প্রতিবেশী পেনসিলভেনিয়ায় হাম আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ হাজার ৪ জন

সংগৃহীত ছবি
হাম দ্রুত ছড়িয়ে পড়ায় নিউইয়র্কজুড়ে দুর্যোগ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। চলতি বছর অঙ্গরাজ্যটিতে ১০৮ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ১৫ জুলাই থেকে ১৮টি কাউন্টিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯২ জন। কম টিকাপ্রাপ্ত গ্রামীণ এলাকাগুলোতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় নেওয়া হয়েছে এই জরুরি পদক্ষেপ।
সোমবার নির্বাহী আদেশে জরুরি অবস্থা ঘোষণা করেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান ও পরীক্ষা কার্যক্রম দ্রুত বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
নিউইয়র্ক সিটির বাইরে আক্রান্তের সংখ্যা ১০১ জন। শহরটিতে আক্রান্ত হয়েছেন সাতজন। আক্রান্ত কাউন্টিগুলোর বড় অংশই গ্রামীণ এবং এসব এলাকায় টিকাদানের হার তুলনামূলক কম।
সীমান্তবর্তী এলাকার পরিস্থিতিও উদ্বেগ বাড়িয়েছে। নিউইয়র্কের প্রতিবেশী পেনসিলভেনিয়ায় হাম আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ১ হাজার ৪ জন ছাড়িয়েছে। চলতি প্রাদুর্ভাবে সেখানে পাঁচজনের মৃত্যু হয়েছে।
জরুরি অবস্থা ঘোষণার ফলে প্যারামেডিক, উন্নত জরুরি চিকিৎসাকর্মী, ধাত্রী ও ওষুধ বিক্রেতারা হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধের টিকা দিতে পারবেন। নিবন্ধিত নার্সরাও সন্দেহভাজন রোগীদের পরীক্ষার নির্দেশ দিতে পারবেন।
স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলো গ্রামীণ এলাকায় ইতোমধ্যে ১ হাজারের বেশি টিকা দিয়েছে। নতুন আদেশে টিকাদানের তথ্য দ্রুত নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। টিকা দেওয়ার তথ্য ৭২ ঘণ্টার মধ্যে অঙ্গরাজ্য বা নগরীর টিকাদান নিবন্ধন ব্যবস্থায় জমা দিতে হবে।
জরুরি আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং ৪ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে।
গভর্নর ক্যাথি হোকুল বলেন, ‘টিকা দিয়ে প্রতিরোধ করা সম্ভব এমন রোগে কারও গুরুতর অসুস্থ হওয়া বা মারা যাওয়া উচিত নয়।’
চলতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় ৩ হাজার ৯০০ হাম আক্রান্ত শনাক্ত হয়েছে। ১৯৯১ সালের পর এটিকে দেশটির সবচেয়ে খারাপ পরিস্থিতিগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। ২০০০ সালে যুক্তরাষ্ট্রে স্থানীয়ভাবে হাম নির্মূলের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে টিকাদানের হার কমে যাওয়ায় বিভিন্ন অঙ্গরাজ্যে আবারও সংক্রমণ বাড়ছে।
নিউইয়র্কের স্বাস্থ্য কর্মকর্তাদের এখন বড় উদ্বেগ সীমান্তবর্তী এলাকাগুলো নিয়ে। পেনসিলভেনিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া হাম নিউইয়র্কে আরও প্রবেশ করে কি না, সেটিই এখন নজরে।




