ব্রাজিলে নির্বাচনের ধাক্কায় ডলারের বড় পতন, শেয়ারবাজারে রেকর্ড

সংগৃহীত ছবি
ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ফল প্রকাশের পর দেশটির মুদ্রা ও শেয়ারবাজারে বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। সোমবার মার্কিন ডলারের দাম ৪ শতাংশের বেশি কমে পাঁচ রেইসের নিচে নেমে যায়। একই সময়ে দেশটির প্রধান শেয়ারবাজার সূচক ইবোভেসপা প্রথমবারের মতো ২ লাখ পয়েন্টের সীমা ছাড়িয়ে রেকর্ড গড়েছে।
প্রথম দফার নির্বাচনে বিরোধী প্রার্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো ৪৭ দশমিক ০৩ শতাংশ ভোট পেয়ে প্রথম এবং বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ৪৫ দশমিক ১৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হন। ফলে আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফায় তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।
নির্বাচনের ফলের পর বাণিজ্যিক বাজারে ডলারের দাম ৪ দশমিক ১৩ শতাংশ কমে ৫ দশমিক ০০১ রেইসে নেমে আসে। ১৮ মে’র পর এটিই ডলারের সবচেয়ে বড় দরপতন এবং দীর্ঘ সময় পর মুদ্রাটির দাম পাঁচ রেইসের কাছাকাছি নেমে এসেছে।
অন্যদিকে, ব্রাজিলের স্টক এক্সচেঞ্জ বিএসের প্রধান সূচক ইবোভেসপা ৭ দশমিক ৮৫ শতাংশ বেড়ে ২ লাখ ৭ হাজার ১৯০ পয়েন্টে পৌঁছায়। এর মধ্য দিয়ে সূচকটি প্রথমবারের মতো ২ লাখ পয়েন্টের সীমা অতিক্রম করে।
বিদেশি বাজারেও ব্রাজিলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহের প্রতিফলন দেখা গেছে। নিউইয়র্কে লেনদেন হওয়া ব্রাজিলিয়ান ইক্যুইটি ফান্ড ইডব্লিউজেডের দাম ১২ শতাংশের বেশি বেড়েছে। নির্বাচনের ফলের পর ব্রাজিলের সম্পদের ঝুঁকি কমেছে বলে বাজারে যে ধারণা তৈরি হয়েছে, তারই প্রতিফলন হিসেবে এসব উত্থানকে দেখছেন বিশ্লেষকেরা।
বাজার বিশ্লেষকদের মতে, ফ্লাভিও বোলসোনারোর সঙ্গে তুলনামূলক রক্ষণশীল কংগ্রেসের সমন্বয় হলে ভবিষ্যতে আর্থিক শৃঙ্খলা ও কাঠামোগত সংস্কারসংক্রান্ত কিছু নীতি বাস্তবায়নের সুযোগ বাড়তে পারে। তবে এসব নীতি বাস্তবায়নে কংগ্রেসে রাজনৈতিক সমঝোতা প্রয়োজন হবে বলেও বিশ্লেষকেরা সতর্ক করেছেন।
নির্বাচনের ফলের প্রভাব পড়েছে বড় কোম্পানিগুলোর শেয়ারেও। আমাপা উপকূলীয় অঞ্চলে তেল আবিষ্কারের খবরের পর রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিষ্ঠানটির প্রেফার্ড ও কমন শেয়ারের দাম যথাক্রমে ১০ দশমিক ১০ শতাংশ ও ৯ দশমিক ০৪ শতাংশ পর্যন্ত বাড়ে।
এদিকে ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাংক ব্রাডেস্কো ১০ বিলিয়ন রেইস মূলধন বাড়ানোর অনুমোদন দিয়েছে। এর পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম সর্বোচ্চ ১৪ দশমিক ৮২ শতাংশ পর্যন্ত বেড়েছে।
বাজারসংশ্লিষ্টদের ভাষ্য, নির্বাচনের প্রথম দফার ফলাফল ব্রাজিলের অর্থনীতি ও আর্থিক বাজারে তাৎক্ষণিক বড় প্রতিক্রিয়া তৈরি করেছে। তবে দ্বিতীয় দফার নির্বাচন ও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির ওপরই বাজারের পরবর্তী গতিপ্রকৃতি অনেকাংশে নির্ভর করবে।




