যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় বন্যায় ছয়জনের মৃত্যু

ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে তীব্র ঝড় ও বন্যায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। গত এক সপ্তাহের প্রবল বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার পর এখনো আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান চলছে।
গভর্নর মাইক ব্রাউন শুক্রবার প্রেসিডেন্টের জরুরি অবস্থা ঘোষণার আহ্বান জানিয়েছিলেন। এতে রাজ্যের জন্য অতিরিক্ত সরকারি সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হবে। শনিবার তিনি জানিয়েছেন, ফেডারেল সরকার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ব্রাউন বলেছেন, ‘ইন্ডিয়ানায় ভয়াবহ ঝড় ও ঐতিহাসিক বন্যা পরিস্থিতি নিয়ে আজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্টের জরুরি অবস্থা ঘোষণার জন্য আমাদের করা অনুরোধ অনুমোদন করার ইচ্ছা তার রয়েছে।’
বন্যার পানিতে ঘরবাড়ি ডুবে যাওয়ায় জরুরি কর্মীরা নৌকা ব্যবহার করে বাসিন্দাদের উদ্ধার করছেন। ইন্ডিয়ানাপোলিসের হোয়াইট রিভারসহ কয়েকটি নদ-নদীর পানি গত এক সপ্তাহে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
ইন্ডিয়ানাপোলিসের মেয়র জো হগসেট বলেছেন, এলাকাটি ৩০ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে। জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, কিছু এলাকায় মাত্র দুই দিনে ২৮০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।
ডেলাওয়্যার কাউন্টির শেরিফের কর্মকর্তারা শুক্রবার ৫৮ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছেন। বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বন্যাকবলিত সড়কে গাড়ি নিয়ে প্রবেশ না করার জন্য সতর্ক করেছে কর্তৃপক্ষ। পানিতে গাড়ি আটকে যেতে পারে বলে জানিয়েছে তারা।
এ ছাড়া জেনিংস কাউন্টিতে একটি গাছ বাড়ির ওপর পড়ে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। নিখোঁজ এক কিশোরের মরদেহও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল।
গভর্নর ব্রাউন বলেছেন, ‘ঝড়ে আমরা যে ছয়জন ইন্ডিয়ানাবাসীকে হারিয়েছি, তাদের পরিবার ও স্বজনদের প্রতি এবং ঝড়ে যেসব পরিবারের জীবন বদলে গেছে, তাদের সবার প্রতি আমার সমবেদনা। বন্যাকে গুরুত্বের সঙ্গে নিন এবং বন্যার পানি থেকে দূরে থাকুন।’
সূত্র : আলজাজিরা






