ট্রাম্পের নতুন এআই ওয়েবসাইট চালু, রাজনৈতিক প্রশ্নের উত্তর বদলে গেল মুহূর্তেই

যুক্তরাষ্ট্রে নতুন এআই-চালিত সরকারি ওয়েবসাইট চালু করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার ওয়াশিংটনে আনুষ্ঠানিকভাবে America.gov নামে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়। ওয়েবসাইটের লক্ষ্য সরকারি তথ্য ও সেবা সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া।
উদ্বোধনের পরপরই অবশ্য ওয়েবসাইটটির এআই ব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কারণ, রাজনৈতিক বিভিন্ন প্রশ্নের উত্তর শুরুতে দেওয়ার পর কয়েক মুহূর্তের মধ্যেই একই প্রশ্নের উত্তর দেওয়া বন্ধ করে দেয় সিস্টেমটি।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রশ্ন করলে শুরুতে এআই জানায়, সরকারি নথিতে নির্বাচনের ফল ব্যাপক জালিয়াতির কারণে বদলে যাওয়ার প্রমাণ নেই।
জো বাইডেন ওই নির্বাচনে জয়ী হয়েছেন বলেও জানানো হয়। ট্রাম্প ২০২৮ সালে তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না—এমন প্রশ্নেও এআই সংবিধানের ২২তম সংশোধনীর কথা উল্লেখ করে।
সেখানে বলা হয়, ট্রাম্প ২০১৬ ও ২০২৪ সালে দুবার নির্বাচিত হয়েছেন।
জলবায়ু পরিবর্তন নিয়েও এআই জানায়, সাম্প্রতিক উষ্ণায়নের প্রধান কারণ মানবসৃষ্ট গ্রিনহাউস গ্যাস নিঃসরণ।
প্রেসিডেন্টের বেতন না নেওয়া নিয়েও ট্রাম্পের বক্তব্যের সঙ্গে ভিন্ন তথ্য দেয় সিস্টেমটি।
এআই জানিয়েছে, ট্রাম্পের আগে জর্জ ওয়াশিংটন, হার্বার্ট হুভার ও জন এফ কেনেডিসহ কয়েকজন প্রেসিডেন্ট বেতন নেননি। তবে এসব উত্তর বেশিক্ষণ স্থায়ী হয়নি।
ট্রাম্পের উদ্বোধনী বক্তব্য চলার সময়ই ওয়েবসাইটের উত্তর পরিবর্তিত হতে শুরু করে।
একই রাজনৈতিক প্রশ্ন আবার করা হলে সিস্টেম জানায়, তারা রাজনৈতিক প্রশ্নের উত্তর দেয় না।
২০২০ সালের নির্বাচন, ট্রাম্পের অভিশংসন বা তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ নিয়েও একই ধরনের উত্তর পাওয়া যায়।
ফলে ওয়েবসাইট চালুর দিনই এআইয়ের উত্তর পরিবর্তনের বিষয়টি আলোচনায় আসে।
America.gov-এর দাবি, এটি সরকারি বিভিন্ন ওয়েবসাইটের তথ্যকে এক জায়গায় এনে ব্যবহারকারীদের সহজে তথ্য খুঁজে পেতে সহায়তা করবে।
এআই সিস্টেমটি সরকারি উৎস থেকে তথ্য নিয়ে উত্তর দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। ওয়েবসাইটটি বিনামূল্যে ব্যবহার করা যাচ্ছে। কোনো অ্যাকাউন্ট খোলারও প্রয়োজন নেই। তবে গুরুত্বপূর্ণ তথ্যের ক্ষেত্রে মূল সরকারি উৎস যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। ওয়েবসাইটটি চালুর কয়েক মুহূর্তের মধ্যেই রাজনৈতিক প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন আসায় নতুন এই সরকারি এআই ব্যবস্থার পরিচালনা ও তথ্য প্রদানের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, এবিসি নিউজ



