আর্জেন্টিনায় অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলের সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন সাতজন/প্রতীকী ছবি
আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলের সান হুয়ান প্রদেশে একটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন সাতজন। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সান হুয়ানের গভর্নর মার্সেলো ওরেগো সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রদেশে ঘটেছে হেলিকপ্টার দুর্ঘটনা। এতে প্রাণ হারিয়েছেন সাতজন।’
তিনি জানিয়েছেন, নিহতদের মধ্যে রয়েছেন দমকলকর্মী, পুলিশ সদস্য এবং বেসামরিক সুরক্ষা বিভাগের কর্মীরা।
কর্তৃপক্ষ জানায়, বিধ্বস্ত হওয়া বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটি সান হুয়ানের ইসচিগুয়ালাস্তো প্রাকৃতিক উদ্যানে দাবানল নিয়ন্ত্রণে ব্যবহৃত হতো। বুধবার সকালে পার্শ্ববর্তী লা রিওহা প্রদেশে দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করতে যাওয়ার পথে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটি।
জরুরি সেবা বিভাগ জানিয়েছে, হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ হারানোর কিছু সময় পর নিশ্চিত হওয়া যায় দুর্ঘটনার বিষয়টি। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।






