হরমুজ নিয়ে ইরানের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর বৈঠকে ‘আপত্তি’ নেই ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
উপসাগরীয় দেশগুলো সোমবার ইরানের সঙ্গে হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলেও তাতে তার কিছু যায় আসে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে কি না, সেটি ওই দেশগুলোর নিজস্ব বিষয়।
আয়ারল্যান্ডের ডুনবেগে নিজের গলফ অবকাশকেন্দ্রে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প। ইরান একটি চুক্তির জন্য মরিয়া হয়ে আছে বলে নিজের আগের দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি। তার ভাষায়, ‘আমি আপনাদের একটি কথা বলব, ইরান একটি চুক্তি করতে ভীষণভাবে চায়। তারা ক্রমাগত ফোন করছে। তারা চুক্তি করতে চায়। তবে তাদের সঠিক চুক্তি করতে হবে। ভালো নয়, এমন কোনো চুক্তিতে আমি যাব না।’
ট্রাম্প আবারও দাবি করেন, আগামী ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের আগে অথবা তার পরপরই যুদ্ধ শেষ হবে। এর ফলে জ্বালানির দাম ‘পাথর ডুবে যাওয়ার মতো’ দ্রুত কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ব্রিকস সম্মেলনের ফাঁকে আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ভালো আলোচনা হয়েছে তার।
ইরানি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে পেজেশকিয়ানের বক্তব্য তুলে ধরে বলা হয়, ‘অতীতকে এক পাশে রেখে একটি ভালো ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে একমত হয়েছি আমরা।’




