পাকিস্তানে হাসপাতালে আগুনে ১৪ নবজাতকের মৃত্যু

ইসলামাবাদে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে আগুন লাগার পর নিবিড় পরিচর্যা ইউনিটের বাইরের দাঁড়িয়ে আছেন পুলিশ কর্মকর্তারা। ছবি: রয়টার্স
পাকিস্তানের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৪ শিশুর। আজ বুধবার দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে এ তথ্য।
খবরে বলা হয়েছে, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস)-এর স্ত্রীরোগ বিভাগে ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা।
হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনার সময় ওই ওয়ার্ডে ছিল ১৫ নবজাতক। এরমধ্যে উদ্ধার করা গেছে মাত্র একজনকে।
পিআইএমএসের মুখপাত্র ডা. আনিজা জলিল ডনকে জানান, ওয়ার্ডটিতে ১৫ শিশু ছিল। একজন ডাক্তার একটি শিশুকে বাঁচিয়েছেন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আগুনে হাসপাতালের তৃতীয় তলায় মা ও শিশু ওয়ার্ডে থাকা ১৪ শিশুর শরীর পুরোপুরি পুড়ে গেছে।
যারা উদ্ধারকাজে নিয়োজিত ছিলেন তাদের মধ্যে একজন জানিয়েছেন, সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে লাগে আগুন। আগুনের সূত্রপাত হয় হাসপাতালে থাকা এসির কমপ্রেসার বিস্ফোরণ থেকে। এখন নেভানো হয়েছে আগুন।
এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের সিনেটের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ রাজা গিলানি।
এ ঘটনায় গঠন করা হয়েছে তদন্ত কমিটি। দায়িত্বপ্রাপ্তরা অগ্নিকাণ্ডের কারণ নির্ণয় করবেন এবং ঘটনাটি কীভাবে ঘটল জানাবেন সে বিষয়ে স্পষ্ট তথ্য।
১৯৮৫ সালে প্রতিষ্ঠিত পিআইএমএস ইসলামাবাদের বৃহত্তম সরকারি হাসপাতাল। এটি ফেডারেল রাজধানীর দুটি প্রাচীনতম স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে একটি। এর অধীনে রয়েছে বেশ কয়েকটি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান।







