বৃষ্টি ভোগান্তির মধ্যে গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা, নিহত ৯

গতকাল বুধবার গাজা শহরের উত্তরে শেখ রাদওয়ান এলাকায় আল আবসি পরিবারের তাঁবুর ক্ষয়ক্ষতির মধ্যে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় ভারী বৃষ্টিতে হাজারো বাস্তুচ্যুত মানুষ যখন পানিতে তলিয়ে যাওয়া তাঁবুতে মানবেতর দিন কাটাচ্ছেন, তখন নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার বিভিন্ন স্থানে দখলদার ইসরায়েলের একাধিক হামলায় অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে পশ্চিম খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হন।
এর আগে গতকাল বুধবার গাজা শহরের দক্ষিণে আল সাবরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ৩৮ বছর বয়সী মোহাম্মদ সালেম আলদাশ নিহত হন।
মধ্য গাজার আল বুরেইজ শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও একজন নিহত হয়েছেন। গাজা শহরের উত্তর পশ্চিমে আল নাসর এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন আরও এক ফিলিস্তিনি।
এ ছাড়া গাজা শহরের উত্তরে শেখ রাদওয়ান এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া একটি তাঁবুতে হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
আল জাজিরার গাজা প্রতিনিধি হিন্দ খুদারি জানিয়েছেন, হামলাগুলোতে সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন। তারা জীবনের ন্যূনতম প্রয়োজন মেটানোর চেষ্টার মধ্যেও তারা হামলার শিকার হচ্ছেন।
খুদারির ভাষ্য, ড্রোন হামলায় বোতলে পানি ভরতে থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন। আলজালা সড়কে তাঁবুর মধ্যে আশ্রয় নেওয়া আল আবসি পরিবারের দুই ভাইও আরেক হামলায় নিহত হয়েছেন।
তিনি উল্লেখ করেছেন, ‘গাজায় এখন আর কোনো স্থানই নিরাপদ নয়।’
এদিকে, ভারী বৃষ্টিতে গাজার মানবিক সংকট আরও গভীর হয়েছে।
ইউনিসেফের তথ্য অনুযায়ী, গেল কয়েকদিনের বৃষ্টিতে অন্তত এক লাখ ছয় হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের তাঁবু পানিতে তলিয়ে গেছে। শিবিরের পয়োনিষ্কাশন ব্যবস্থাও ভেঙে পড়েছে। অনেক স্থানে শৌচাগারের ময়লা পানির সঙ্গে শিবিরে ছড়িয়ে পড়ছে।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ভারী বৃষ্টিতে গাজায় অন্তত ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে।
এ পরিস্থিতিতে গাজায় তাঁবু পাঠানোর জরুরি আবেদন জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের উপ মুখপাত্র ফারহান হক জানিয়েছেন, তাঁবু পাঠাতে অর্থের পাশাপাশি ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতিও প্রয়োজন। গাজায় এসব ত্রাণসামগ্রী পৌঁছাতে ইসরায়েলের সহযোগিতা জরুরি।
জাতিসংঘের মানবিকবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার জানিয়েছেন, গাজায় শীতকালীন সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে ইসরায়েলে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে কয়েকটি দেশ জানিয়েছে।
এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সহায়তার আশ্বাস দিলেও ইসরায়েলি নির্বাচনের পর নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত ত্রাণসামগ্রী পৌঁছানো কঠিন হবে।
সূত্র : আলজাজিরা



