যুদ্ধের মধ্যেই ইরানে ভূমিকম্প

গ্রাফিকস: আগামীর সময়
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায় রবিবার ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে ভূমিকম্পের উপকেন্দ্রসংলগ্ন গ্রামগুলোতে দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই ভূমিকম্প আঘাত হানল। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত এক সপ্তাহ ধরে উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।
মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে। এর জবাবে তেহরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
সম্প্রতি জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় দুই মার্কিন সেনাসদস্য নিহত হন। নিখোঁজ রয়েছেন আরও একজন।




