ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’

সংগৃহীত ছবি
ইরানের ওপর হামলা দুই সপ্তাহের জন্য স্থগিতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্বঘোষিত সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে এই ঘোষণা দিলেন ট্রাম্প নিজেই। এদিকে দুই সপ্তার যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে তেহরানও।
সাময়িক যুদ্ধবিরতির পেছনে একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করেছেন, ইরান অবিলম্বে ‘সম্পূর্ণ এবং নিরাপদভাবে’ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিলেই কার্যকর থাকবে এই এই স্থগিতাদেশ।
তিনি লিখেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধের ভিত্তিতে এবং ইরান হরমুজ প্রণালি অবিলম্বে ‘সম্পূর্ণ এবং নিরাপদভাবে’ খুলে দেওয়ায় সম্মতি সাপেক্ষে আমি রাজি হয়েছি ইরানে পূর্বনির্ধারিত ‘বিধ্বংসী হামলা’ দুই সপ্তাহের জন্য স্থগিতে। এটি হবে ‘উভয়মুখী যুদ্ধবিরতি’—লিখেছেন ট্রাম্প।
ট্রাম্পের দাবি, হামলা স্থগিতের কারণ ইতোমধ্যেই ইরানে যুক্তরাষ্ট্রের সকল সামরিক লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে এবং বেশি পূরণ হয়েছে। এ ছাড়া ইরানের সাথে দীর্ঘমেয়াদী শান্তি ও মধ্যপ্রাচ্যে শান্তি বিষয়ক একটি সুনির্দিষ্ট চুক্তির ব্যাপারে আমরা অনেক দূর এগিয়েছি।
মেহর নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির খবরটি নিশ্চিত করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির অনুমোদনে যুদ্ধবিরতি চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিটি ইরানের জন্য বিজয় হিসেবেও উল্লেখ করা হয়েছে।
এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েলও। একই ধরণের তথ্য জানিয়েছে ইসরায়েলি একাধিক গণমাধ্যম। তবে এ বিষয়ে মার্কিন বা ইসরায়েলের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।




