ইরানকে তীব্র নিন্দা জানাল মিসর

ছবি: রয়টার্স
কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে ইরানের নতুন করে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিসর। এই হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ এবং দুই দেশের সার্বভৌমত্বের ‘অগ্রহণযোগ্য লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে দেশটি।
বৃহস্পতিবার মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘এই হামলা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি এবং আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।’
বিবৃতিতে কায়রো জানায়, কুয়েত ও বাহরাইনের প্রতি তাদের পূর্ণ সংহতি রয়েছে। একই সঙ্গে নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দুই দেশ যে পদক্ষেপ নিচ্ছে, মিসর তার প্রতি সমর্থন জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা মিসর ও সমগ্র আরব বিশ্বের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।’
আরব দেশগুলোর নিরাপত্তা বিপন্ন করে বা আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষুণ্ন করে—এমন যেকোনো কর্মকাণ্ডের প্রতি মিসরের দৃঢ় বিরোধিতার কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে বিবৃতিতে।




