গাজা সিটিতে আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নারী-শিশুসহ নিহত ৫

গাজা সিটিতে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি অ্যাপার্টমেন্ট ভবনের ঘটনাস্থল পরিদর্শন করছেন এক ফিলিস্তিনি। ছবি: রয়টার্স
গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। আল-শিফা হাসপাতালের চিকিৎসাকর্মীরা এ তথ্য জানিয়েছেন।
শনিবার ভোরে রেমাল এলাকার আল-আসালা ভবনে এ হামলা হয়। আল-জাজিরার প্রতিবেদক হানি আল-শায়ের জানিয়েছেন, কোনো আগাম সতর্কতা ছাড়াই ভবনটিতে হামলা চালানো হয়।
রেমাল গাজা সিটির ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি। সেখানে হাজারো বাস্তুচ্যুত মানুষ অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছেন।
আল-শায়ের জানান, হামলার সময় বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। প্রথমে যুদ্ধবিমানের শব্দ শোনা যায়। এরপর পরপর তিনটি হামলা চালানো হয়। এতে আবাসিক ভবনটির একটি অ্যাপার্টমেন্টে থাকা লোকজন হতাহত হন।
হামলায় ভবনের ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্টেটির পাশাপাশি নিচের কয়েকটি তলাতেও ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ভবনটিতে আগুন জ্বলছিল। পরে ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আল-শিফা হাসপাতাল জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন নারী ছিলেন। তাদের মধ্যে একজন বয়স্ক খ্রিষ্টান নারী ও তার মেয়েও রয়েছেন।
আহত ছয়জনকে চিকিৎসার জন্য আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা দেখতে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন।
এ সময় গাজার আকাশে ইসরায়েলি ড্রোন উড়তে দেখা গেছে এবং নিচ দিয়ে যুদ্ধবিমান উড়ে যাওয়ার শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন আল-শায়ের।
সূত্র : আল জাজিরা




