বাকের কালিবাফ
চুক্তির আগে চাই ইরানিদের সুরক্ষার নিশ্চয়তা

বাকের কালিবাফ- রয়টার্স
ইরানি জনগণের অধিকার সুরক্ষিত হওয়ার নিশ্চয়তা না থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত অবসানে কোনো চুক্তি তেহরান মেনে নেবে না। এমনটাই মন্তব্য ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের কালিবাফের। রাষ্ট্রীয় গণমাধ্যম রবিবার জানিয়েছে এ তথ্য।
পার্লামেন্টের পুনর্নির্বাচিত স্পিকার হিসেবে প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে শপথ নিয়েছেন তিনি। শপথের পরে তিনি বললেন, ‘শত্রুপক্ষের কথা ও প্রতিশ্রুতির ওপর কোনো আস্থা নেই। আমাদের একমাত্র মানদণ্ড হলো—আমরা পাল্টা প্রতিশ্রুতি বাস্তবায়নের আগে দৃশ্যমান ও বাস্তব ফলাফল অর্জন করা।’
এর আগে যুক্তরাষ্ট্রের সরাসরি ইরানে সামরিক আক্রমণ করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজকে দেওয়া শনিবারের সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। ইরাক যুদ্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ইরাকে যাওয়াই উচিত হয়নি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর। সেই সিদ্ধান্ত ভুল ছিল।
ইরাক নিয়ে কথা বলতে বলতে ট্রাম্প নিজেই ইরানের প্রসঙ্গ তোলেন। তিনি বলেছেন, ‘আমাদের ইরানেও যাওয়াও উচিত হয়নি।’
এর পরেই অবশ্য যুদ্ধে যাওয়ার নিজের সিদ্ধান্তকে সমর্থন করে ট্রাম্প দাবি করেছেন, ‘ইরানের অনেক ক্ষমতা রয়েছে। ৯ মাস আগে যদি আমরা বি২ বোম্বার দিয়ে ওদের আঘাত না করতাম, এতদিনে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র চলে আসত। পাল্টে যেত পুরো গল্পটাই।’






