দেশীয় পণ্যের প্রচারে কাতারে জমজমাট ‘শীতকালীন আসওয়াক উৎসব’

শীতকালীন আসওয়াক উৎসব
দেশীয় পণ্যের প্রচার ও স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহ দিতে কাতারে জমজমাট ‘শীতকালীন আসওয়াক উৎসব' শুরু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) এই উৎসবের উদ্বোধন করা হয়। পৌর মন্ত্রণালয় এবং হাসাদ ফুড কোম্পানি উম্ম সালাল কেন্দ্রিয় বাজারে তৃতীয় শীতকালীন আসওয়াক উৎসবের আয়োজন করেছে।
স্থানীয় উৎপাদন বৃদ্ধি এবং দেশীয় পণ্য বিক্রির বাজার সম্প্রসারণের লক্ষ্যেই এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে। পৌরসভা মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় হাসাদ ফুড-এর সহযোগী প্রতিষ্ঠান আসওয়াক কর্তৃক আয়োজিত এই উৎসবটি ৩১শে ডিসেম্বর পর্যন্ত চলবে।
এর লক্ষ্য হলো স্থানীয় কৃষক ও উৎপাদকদের ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য একটি সরাসরি প্ল্যাটফর্ম তৈরি করে দেয়া। অভ্যন্তরীণ বাজারে কাতারি পণ্যের পরিচিতি বৃদ্ধি করা এবং দেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করা।
উদ্বোধনকালে পৌর মন্ত্রণালয়ের কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সহকারী উপসচিব ইউসুফ আল খুলাইফি বলেন, উৎসবের তৃতীয় সংস্করণটি স্থানীয় পণ্যকে সহজতর এবং বাজারে তাদের উপস্থিতি উন্নত করার ক্ষেত্রে মন্ত্রণালয়ের অঙ্গীকার বাস্তবায়নের অংশ।
তিনি বলেন, এই উৎসব কৃষক ও উৎপাদকদের বৃহত্তর ভোক্তা গোষ্ঠীর কাছে সরাসরি বিপণনের সুযোগ করে দেব। জাতীয় উৎপাদনকে উৎসাহিত করতে এবং ব্যবসায়িক প্রতিযোগিতামূলক ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে।
হাসাদ ফুড-এর সিইও আলী হিলাল আল কুয়ারি বলেন, এই উৎসবটি দেশীয় পণ্যের প্রচার এবং স্থানীয় বাজারে তাদের উপস্থিতি জোরদার করেছে।
তিনি বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত বা তৈরি পণ্যের গুণমান ও বৈচিত্র্য তুলে ধরা হবে। পাশাপাশি উৎপাদক ও দর্শনার্থীদের জন্য অন্যান্য বছরের চেয়ে আরও বেশি উৎসবমুখর করার লক্ষ্যে আসওয়াক এ বছরের সংস্করণটি তৈরি করেছে।
এই উৎসবে খেজুর, মধু, তাজা শাকসবজি, মৌসুমি ফল, ঐতিহ্যবাহী কাতারি খাবার, ঘরে তৈরি খাদ্যপণ্য, কফি, বাদাম, মশলা এবং জনপ্রিয় স্থানীয় খাবারসহ বিভিন্ন ধরণের দেশীয় পণ্য পাওয়া যায়। এই আয়োজনের একটি অংশ হিসেবে নার্সারি এবং ইনডোর প্ল্যান্টের জন্য একটি বিশেষ বিভাগও রয়েছে।
টানা দ্বিতীয় বছরের মতো, উৎসবটিতে কাতারে বসবাসরত গাজার আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তা করার জন্য একটি অংশ বরাদ্দ করা হয়েছে। এই উদ্যোগের মানবিক ও সামাজিক দিকের অংশ হিসেবে শিশুদের জন্য অংশগ্রহণমূলক কার্যক্রমেরও আয়োজন করা হচ্ছে।
শীতকালীন আসওয়াক উৎসব উম্ম সালাল কেন্দ্রিয় বাজারে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। ৬০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বাজারে প্রবাসী বাংলাদেশি সহ সবার জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা রয়েছে।



