বিশ্লেষকের প্রতিক্রিয়া
ট্রাম্প কি আবার যুদ্ধে ফিরবেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে আগের মতো আর ফিরবেন বলে মনে করেন না পররাষ্ট্রনীতি বিষয়ক ইরানি-সুইডিশ বিশ্লেষক ত্রিতা পারসি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রতিক্রিয়ায় এ দাবি করেন মার্কিন থিংক ট্যাংক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটের এ ভাইস প্রেসিডেন্ট।
পারসি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি উপায় দরকার ছিল মার্কিন প্রেসিডেন্টের।
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে পররাষ্ট্রনীতিবিষয়ক এ বিশ্লেষকের মতে, কারণ এ যুদ্ধ পরিণত হয়েছিল একটি চরম বিপর্যয়ে।
মার্কিন থিংক ট্যাংকের এই কর্মকর্তার মতে, যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার জন্য ট্রাম্পের একটা পথ দরকার ছিল এবং সেটিই করেছেন তিনি।
যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে সে বিষয়ে বলতে গিয়ে এই বিশ্লেষক বলেছেন, আগামী দুই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ।
পারসির মতে, ‘এখন একটি প্রকৃত কূটনৈতিক সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।’
যুদ্ধবিরতির বিস্তারিত নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে শুক্রবার বৈঠক হওয়ার কথা।
এ বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রনীতিবিষয়ক এ বিশ্লেষক মনে করেন, ট্রাম্প আগের মতো করে আবার এই যুদ্ধে জড়াবেন না। ‘আলোচনা ব্যর্থ হলেও, আমি মনে করি না ট্রাম্প আগের মতো করে আবার এই যুদ্ধে জড়াবেন। কারণ ইরানিদের এখনও সেই প্রণালি বন্ধ করার ক্ষমতা রয়েছে, যা ট্রাম্প এবং বৈশ্বিক অর্থনীতির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে পারে।’
আজ বুধবার ভোরে পাকিস্তান সরকারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে। এ যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই বিজয় হিসেবে দাবি করছে।
যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের রাজধানী তেহরান এবং ইরাকের রাজধানী বাগদাদে বিজয় মিছিল করতে দেখা যায়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ নিহত হন শীর্ষ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা।
প্রতিশোধ নিতে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালায় ইরান। খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে যুদ্ধে যোগ দেয় লেবাননের হিজবুল্লাহও।
প্রতিক্রিয়ায় লেবাননে পাল্টা হামলা চালায় ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সেখানে হামলা অব্যাহত রেখেছে তেল আবিব।



