নোবেল সপ্তাহ হচ্ছে শুরু, আজ ঘোষণা আসবে চিকিৎসাবিজ্ঞানে

সংগৃহীত ছবি
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল পুরস্কারের ২০২৬ সালের বিজয়ীদের নাম ঘোষণা শুরু হচ্ছে আজ সোমবার। আগামী এক সপ্তাহে সুইডেন ও নরওয়ে থেকে ছয়টি বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। প্রথম ঘোষণা আসবে চিকিৎসাবিজ্ঞানে।
নোবেল পুরস্কারের সরকারি সূচি অনুযায়ী, আজ ৫ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা করা হবে। ৬ অক্টোবর পদার্থবিজ্ঞান, ৭ অক্টোবর রসায়ন, ৮ অক্টোবর সাহিত্য এবং ৯ অক্টোবর শান্তিতে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এবারের ঘোষণা পর্ব।
চিকিৎসাবিজ্ঞানের পুরস্কার ঘোষণা করবে কারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি। পদার্থবিজ্ঞান, রসায়ন ও অর্থনীতির পুরস্কার ঘোষণা করবে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। সাহিত্যে বিজয়ীর নাম ঘোষণা করবে সুইডিশ একাডেমি। শান্তিতে নোবেল ঘোষণা করা হবে নরওয়ের রাজধানী অসলোর নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট থেকে।
নোবেল পুরস্কারের ঘোষণা সরাসরি সম্প্রচার করা হবে। নোবেল পুরস্কারের সরকারি ওয়েবসাইটসহ এর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোয় অনুষ্ঠান দেখা যাবে।
নোবেল পুরস্কারের ইতিহাস শুরু হয় ১৯০১ সালে। সুইডিশ বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কার দেওয়া শুরু হয়। ১৯৬৮ সালে অর্থনীতিতে আলফ্রেড নোবেলের স্মরণে একটি পুরস্কার চালু করা হয়।
নোবেল ফাউন্ডেশন আলফ্রেড নোবেলের সম্পদ পরিচালনা করে এবং তার উইলের উদ্দেশ্য বাস্তবায়নের দায়িত্ব পালন করে। পুরস্কার বাছাইয়ের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে বিজয়ী নির্বাচন করে।
প্রতি বছর নোবেল পুরস্কার ঘিরে সম্ভাব্য বিজয়ীদের নিয়ে বিশ্ব জুড়ে আলোচনা ও জল্পনা চলে। তবে পুরস্কার বাছাইয়ের প্রক্রিয়া গোপনীয়। এবারও ঘোষণার আগ পর্যন্ত বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে জানা যাবে না।
অক্টোবরের এই সপ্তাহে তাই বিশ্বের নজর থাকবে স্টকহোম ও অসলোর দিকে। আগামী কয়েক দিনে জানা যাবে বিজ্ঞান, সাহিত্য ও শান্তির ক্ষেত্রে ২০২৬ সালে কারা নোবেল পুরস্কারের স্বীকৃতি পাচ্ছেন।



