‘মেগা ছকে’ লোকসভার আসন বাড়ানোর চাল মোদির
- ৮৫০ আসনের লোকসভা, মহিলা সংরক্ষণে নতুন আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতায় একজোট ‘ইন্ডিয়া’

ছবি: রয়টার্স
দিল্লির ক্ষমতার অলিন্দে এখন এক নতুন রাজনৈতিক সমীকরণের হাওয়া। সংসদের চিরাচরিত মানচিত্র বদলে দিয়ে লোকসভার আসনসংখ্যা ৮৫০-এ উন্নীত করার মেগা পরিকল্পনা হাতে নিয়েছে মোদি সরকার, যা রীতিমতো আলোড়ন ফেলেছে দেশটির জাতীয় রাজনীতিতে।
এই বিশাল কর্মযজ্ঞের সমান্তরালেই নারী সংরক্ষণ বিল বাস্তবায়নের এক সুদূরপ্রসারী ছক কষেছে গেরুয়া শিবির। যাকে শাসক দলের নতুন মাস্টারস্ট্রোক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আসন পুনর্বিন্যাসের এই প্রস্তাবিত বিলের নেপথ্যে জনবিন্যাসের ভারসাম্য নষ্ট ও আঞ্চলিক প্রতিনিধিত্ব কমার আশঙ্কা দেখছে বিরোধী শিবির। সরকারের নতুন এই কৌশল রুখতে এবং গণতান্ত্রিক কাঠামো রক্ষার দাবিতে ফের একজোট হয়ে রাজপথে ও সংসদে তীব্র প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট।
লোকসভার আসনসংখ্যা ৫০ শতাংশ বাড়িয়ে সর্বোচ্চ ৮৫০ করার প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন বিজেপি। সেই সঙ্গে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ কার্যকর করার লক্ষ্যে নতুন সংবিধান সংশোধনী বিল। সোম ও মঙ্গলবার সেই বিল পেশ হবে লোকসভায়। পরের দুদিন রাজ্যসভায়। এ কারণে বর্ষাকালীন অধিবেশন শেষ হওয়ার পরও টানা ১০৯ দিন সংসদ জিইয়ে রাখা হয়েছে। বিধি মোতাবেক এখনো বাদল অধিবেশন মুলতবি করেননি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সে হিসাবে লোকসভায় কার্যত বাদল অধিবেশনই চলছে এখনো। নিয়মানুযায়ী এ সময় শীতকালীন অধিবেশন শুরুর কথা থাকলেও এবার তার উল্টো।
শুক্রবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা নতুন প্রস্তাবে অনুমোদন দেওয়ার পর শনিবারই তার বিরোধিতায় একজোট হওয়ার সিদ্ধান্ত নিল ইন্ডিয়া জোট। সোমবার থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনে এই বিলের বিরোধিতা করবে বিরোধীরা।
কেন্দ্রের প্রস্তাব অনুযায়ী, লোকসভার আসনসংখ্যা বর্তমান ৫৪৩ থেকে বেড়ে সর্বোচ্চ ৮৫০ হতে পারে। এর মধ্যে রাজ্যগুলোর জন্য ৮১৫ এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্য ৩৫টি আসনের প্রস্তাব রয়েছে। একইভাবে রাজ্য বিধানসভাগুলোর আসনসংখ্যাও ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা। সর্বোচ্চ বিধানসভা আসনসংখ্যা হতে পারে ৬৫০টি। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বর্তমান আসনসংখ্যার ওপর ভিত্তি করেই ৫০ শতাংশ বৃদ্ধির সূত্র তৈরি হয়েছে। কেন্দ্রের দাবি, এর ফলে রাজ্যগুলোর মধ্যে লোকসভায় আপেক্ষিক প্রতিনিধিত্বের ভারসাম্য বজায় থাকবে।
প্রস্তাবিত সংবিধান সংশোধনী বিল অনুযায়ী, ২০১১ সালের জনগণনার ভিত্তিতে কেন্দ্রীয় সীমানা পুনর্নির্ধারণ কমিশন নির্বাচনী কেন্দ্রগুলোর সীমানা নতুন করে ঠিক করবে। অন্যদিকে, রাজ্যগুলোর মধ্যে লোকসভা আসনের অনুপাত ২০৫১ সাল পর্যন্ত অপরিবর্তিত রাখার প্রস্তাব রয়েছে। মহিলা সংরক্ষণ কার্যকর হলে লোকসভা ও বিধানসভায় এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত হবে।
কিন্তু কেন্দ্রের এই পরিকল্পনায় আপত্তি বিরোধীদের। শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে বসেন ইন্ডিয়া জোটের নেতারা। বৈঠকে রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ একাধিক বিরোধী নেতা উপস্থিত ছিলেন। বৈঠকের পর খাড়গে জানিয়েছেন, সংসদে একযোগে এই বিলের বিরোধিতা করবে ইন্ডিয়া জোট। তার অভিযোগ, সর্বশেষ জনগণনার ভিত্তিতে তফসিলি জাতি ও জনজাতির প্রতিনিধিত্ব বাড়ানোর সুযোগ আটকে দিতে চাইছে কেন্দ্র। এই বিলের মাধ্যমে বিজেপি দীর্ঘমেয়াদে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।



