ইন্দিরা গান্ধী বেঁচে থাকলে বিজেপিকে নিষিদ্ধ করতেন: কংগ্রেস নেতা

সংগৃহীত ছবি
ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জীবিত থাকলে বিজেপিকে নিষিদ্ধ করতেন বলে মন্তব্য করেছেন রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা অশোক গেহলট। ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলে এ মন্তব্য করেন তিনি।
গতকাল রবিবার জয়পুরে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, ভারতের বর্তমান পরিস্থিতি ‘অত্যন্ত বিপজ্জনক’। তিনি দাবি করেন, তার ৫০ বছরের রাজনৈতিক জীবনে তিনি এমনটি দেখেননি।
‘ইন্দিরা গান্ধীর মতো কোনো নেত্রী আজ বেঁচে থাকলে বিজেপির মতো দলকে নিষিদ্ধ করে দিতেন। আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, আজকের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। দেশ যদি এখনও জেগে না ওঠে, তাহলে পরবর্তীতে এই দেশের মানুষকেই এর পরিণতি ভোগ করতে হবে’, বলছিলেন তিনি।
রাজস্থানের সাবেক এই মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা ‘ইচ্ছাকৃতভাবে ধর্মীয় মেরুকরণ চালাচ্ছেন।’
এদিকে তার এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। দলটির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, অশোক গেহলটের মন্তব্য কেবল হিন্দু ও হিন্দুত্বের প্রতি কংগ্রেসের ঘৃণাকেই প্রকাশ করে।
সূত্র: এনডিটিভি।


