দিল্লিতে মোদির সঙ্গে দেখা করলেন দীনেশ ত্রিবেদী

নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদী। ফাইল ছবি
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ মঙ্গলবার দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল সোমবার রাতের ফ্লাইটে ঢাকা থেকে দিল্লিতে পৌঁছান দীনেশ ত্রিবেদী।
আজ স্থানীয় সময় দুপুর ১টার দিকে তাদের সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিবিসি।
দিল্লির কূটনৈতিক সূত্রগুলোর বরাতে বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দ্বিপক্ষীয় নানা ইস্যু নিয়ে ঢাকার বর্তমান মনোভাব ঠিক কী, সেই বার্তা পৌঁছে দিতেই দিল্লি এসেছেন তিনি।
তবে তার এই সফর নিয়ে বাংলাদেশে ভারতের দূতাবাস, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা নরেন্দ্র মোদির কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে দীনেশ ত্রিবেদী হলেন প্রথম ভারতীয় রাষ্ট্রদূত, যাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ করা হয়েছে (‘পলিটিক্যাল অ্যাপয়েন্টি’)। তার নিয়োগ চূড়ান্ত করেছে প্রধানমন্ত্রীর অফিস।
ফলে দিল্লিতে গেলে সাধারণত তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গেই সরাসরি দেখা করেন, অন্য কেরিয়ার ডিপ্লোম্যাট বা পেশাদার কূটনীতিকদের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করেন না। এবারও কোনো ব্যতিক্রম হয়নি।
এর আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কথাবার্তা এগোলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য ঢাকার দাবিও দীর্ঘদিন ধরে দিল্লি ঝুলিয়ে রেখেছে। বিষয়টি দুই দেশের সম্পর্কের মধ্যে একটি প্রবল অস্বস্তির উপাদান হয়ে রয়েছে।
এ ছাড়া গঙ্গা চুক্তির নবায়ন নিয়েও দুই সরকারের মধ্যে আলোচনাতেও কোনো অগ্রগতি নেই। ৩০ বছর মেয়াদী এই গুরুত্বপূর্ণ পানি বণ্টন চুক্তি আগামী ডিসেম্বরেই শেষ হচ্ছে।



