ভারতে প্রথমবার চালু পিতৃত্বকালীন ছুটি

ছবি: রয়টার্স
ভারতের তামিলনাড়ু রাজ্যে প্রথমবারের মতো পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। তিনি বৃহস্পতিবার এ ঘোষণা দেন।
সরকারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা সন্তানের সম্ভাব্য জন্মতারিখের ১৫ দিন আগে অথবা সন্তান জন্মের ছয় মাসের মধ্যে যেকোনো সময় এই ছুটি নিতে পারবেন।
মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক ঘোষণায় বলা হয়, ‘তামিলনাড়ুতে প্রথমবারের মতো পিতৃত্বকালীন ছুটি চালু হলো! বিবাহিত পুরুষ সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি দেওয়া হবে। সন্তানের জন্মের ১৫ দিন আগে অথবা জন্মের তারিখ থেকে ছয় মাসের মধ্যে এই ছুটি নেওয়া যাবে।’
রাজ্য সরকার বলেছে, সন্তান জন্মের আগে ও পরের সময়টি মা ও নবজাতকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে মাকে শারীরিক ও মানসিক সহায়তা দেওয়া এবং সন্তানের যত্ন নেওয়ার জন্য বাবার উপস্থিতিও প্রয়োজন।
তামিলনাড়ুতে নারী সরকারি কর্মীরা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পান। এর বিপরীতে পুরুষ কর্মীরা দীর্ঘদিন ধরে পিতৃত্বকালীন ছুটির জন্য একই ধরনের সুবিধা চালুর দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এখন ১৫ দিনের ছুটি মঞ্জুর করে আদেশ জারি করেছে।
বিজয়ের নেতৃত্বাধীন সরকার তৃতীয় সন্তানের ক্ষেত্রেও নারী রাজ্য সরকারি কর্মীদের ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার সুবিধা চালুর দুই মাসের কিছু বেশি সময় পর এ সিদ্ধান্ত নিল।
সূত্র: ইন্ডিয়া টুডে



