১৬ কোটিতে বিক্রি মহাত্মার চিরকুট

মানুষের একান্ত ব্যক্তিগত কথাও হয়ে উঠতে পারে ইতিহাসের মূল্যবান দলিল। যেমন মহাত্মা গান্ধীর লেখা ৬৮৮টি বার্তা। ছোট ছোট এই বার্তা নিজের হাতে তিনি লিখেছিলেন এক বন্ধুকে। শোক ও একাকিত্বের সময় বন্ধুকে লেখা মহাত্মা গান্ধীর এসব বার্তা নিলামে বিক্রি হয়েছে ১৬ কোটি ২০ লাখ রুপিতে। কোনো ভারতীয় ঐতিহাসিক নথি নিলামে বিক্রির ক্ষেত্রে এটি তৈরি করেছে বিশ্ব রেকর্ড।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, নিলাম প্রতিষ্ঠান স্যাফরনআর্টের ‘গান্ধী: ফ্রম দ্য কালেকশন অব আনন্দ টি হিঙ্গোরানি’ শীর্ষক নিলামে এসব হাতে লেখা বার্তা বিক্রি হয়। ‘আ থট ফর দ্য ডে’ নামে পরিচিত এই সংগ্রহে রয়েছে ২৩ মাস ধরে লেখা গান্ধীর ৬৮৮টি তারিখযুক্ত ভাবনা।
১৯৪৪ সালের ২০ নভেম্বর থেকে ১৯৪৬ সালের ১০ অক্টোবরের মধ্যে ঘনিষ্ঠ সহযোগী ও স্বাধীনতা আন্দোলনের সহযোদ্ধা আনন্দ টি হিঙ্গোরানির জন্য এসব বার্তা লিখেছিলেন গান্ধী। পরে এগুলো সংরক্ষণ ও সংকলন করেন হিঙ্গোরানি। একপর্যায়ে এসব লেখা প্রকাশিত হয় ‘আ থট ফর দ্য ডে’ নামে বই আকারেও।
এসব বার্তার পেছনে ছিল গভীর ব্যক্তিগত এক সম্পর্কের গল্প। আনন্দ হিঙ্গোরানির স্ত্রী বিদ্যার মৃত্যুর পর প্রচণ্ড শোক ও একাকিত্বে ভেঙে পড়েছিলেন তিনি। একই সময়ে কানে কম শোনার সমস্যার জন্য নিচ্ছিলেন প্রাকৃতিক চিকিৎসা। স্যাফরনআর্টের সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মিনাল ভাজিরানি জানালেন, স্যাফরনআর্টের আয়োজিত ‘গান্ধী: ফ্রম দ্য কালেকশন অব আনন্দ টি হিঙ্গোরানি’ নিলামে রাখা হয়েছিল ৮৬টি সংগ্রহ। এতে ছিল গান্ধীর চিঠি, পাণ্ডুলিপি, ছবি, ডাকটিকিট ও বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী।
লেখার টেবিলে বসা গান্ধীর একটি সই করা ছবি বিক্রি হয়েছে ৭৮ লাখ রুপিতে। অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে তার চিঠি, টেলিগ্রাম ও পোস্টকার্ডের একটি সংগ্রহ বিক্রি হয়েছে ৫৭ লাখ রুপিতে।
৬৮৮টি বার্তা নিলামের আগে মূল্য নির্ধারণ করা হয়েছিল ১৫ থেকে ২৫ কোটি রুপি। শেষ পর্যন্ত সংগ্রহটি বিক্রি হয় ১৬ কোটি ২০ লাখ রুপিতে, যা প্রায় ১২ লাখ পাউন্ডের সমান।






