মোদীর কেন্দ্রে বিজেপির বড় হার, বারাণসীর দুই আসনেই জিতল সমাজবাদী পার্টি
- অস্বস্তিতে বিজেপি

বারাণসীর গঙ্গার ঘাট
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে বিধান পরিষদের দু’টি আসনই হারাল বিজেপি। শিক্ষক ও স্নাতক দুই কেন্দ্রেই জয়ী সমাজবাদী পার্টি (এসপি)। উত্তরপ্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে এই হার বিজেপির কাছে রাজনৈতিক ধাক্কা হিসাবেই দেখছে বিরোধী শিবির ।
বারাণসীর শিক্ষক কেন্দ্রে নিজেদের আসন ধরে রেখেছেন সমাজবাদী পার্টির লাল বিহারী যাদব। অন্য দিকে, স্নাতক কেন্দ্রে বিজেপির কেদারনাথ সিংহকে হারিয়ে জয়ী হয়েছেন এসপি প্রার্থী আশুতোষ সিংহ। গণনার দীর্ঘ টানাপড়েনের পর বৃহস্পতিবার স্নাতক কেন্দ্রের ফলও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। ফলে বারাণসীর দুই কেন্দ্রেই বিজেপিকে পিছনে ফেলে দিল অখিলেশ যাদবের দল।
উত্তরপ্রদেশের বিধান পরিষদের ১১টি আসনের নির্বাচনে অবশ্য সামগ্রিক ভাবে ছ’টি আসন পেয়েছে বিজেপি। সমাজবাদী পার্টির ঝুলিতে পাঁচটি আসন। আগের নির্বাচনের তুলনায় আসনসংখ্যা বাড়িয়েছে অখিলেশের দল। বারাণসীর পাশাপাশি লখনউয়ের স্নাতক কেন্দ্রেও জয় পেয়েছে এসপি।
বারাণসীর ফলকে হাতিয়ার করে বিজেপিকে আক্রমণ করেছেন অখিলেশ। তার বক্তব্য, প্রধানমন্ত্রী মোদীর কেন্দ্রেই বিজেপির এই পরাজয় তাৎপর্যপূর্ণ। আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ফল বিরোধীদের মনোবল বাড়াতে পারে বলেও মনে করছে এসপি শিবির।
তবে বিধান পরিষদের শিক্ষক ও স্নাতক কেন্দ্রের ফলকে গোটা উত্তরপ্রদেশের জনমতের সরাসরি প্রতিফলন হিসাবে দেখা যায় না। তবু মোদীর লোকসভা কেন্দ্রের রাজনৈতিক গুরুত্বের কারণে এই ফল ঘিরে শুরু হয়েছে আলোচনা।



