দাদির রেসিপিতে জমজমাট বিরিয়ানি ব্যবসা দুই বোনের

বর্তমানে আরএনআর ডোনে বিরিয়ানির ১৪টি ক্লাউড কিচেন ও একটি স্বতন্ত্র রেস্তোরাঁ রয়েছে। ছবি : সংগৃহীত
দাদির হাতে তৈরি বিরিয়ানির স্বাদ ছোটবেলা থেকেই পরিচিত ছিল দুই বোনের। সেই পারিবারিক রেসিপিই একসময় হয়ে ওঠে তাদের ব্যবসার ভিত্তি।
ভারতের বেঙ্গালুরুর রম্যা রবি ও শ্বেতা রবি মাত্র ৫ লাখ রুপি বিনিয়োগ করে শুরু করেন বিরিয়ানির ব্যবসা। তাদের প্রতিষ্ঠান আরএনআর ডোনে বিরিয়ানি এখন বছরে প্রায় ১০ কোটি রুপির ব্যবসা করছে।
২০২০ সালে করোনা মহামারির মধ্যে যাত্রা শুরু করা এই উদ্যোগ প্রথম মাসেই ১০ হাজারের বেশি অর্ডার আসে। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা রম্যা রবি দ্য বেটার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন এসব তথ্য।
দাদির ঐতিহ্যবাহী ডোনে বিরিয়ানির স্বাদ আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য থেকেই ব্যবসা শুরু করেন দুই বোন। খাবারের স্বাদ ও মানের পাশাপাশি পরিচ্ছন্নতা এবং প্রতিবার একই মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন তারা।
২০২০ সালের নভেম্বরে বেঙ্গালুরুর মাত্র ২০০ বর্গফুটের একটি ক্লাউড কিচেন থেকে যাত্রা শুরু করে আরএনআর ডোনে বিরিয়ানি। প্রাথমিক বিনিয়োগ ছিল ৫ লাখ রুপি। রান্নার দায়িত্বে ছিলেন একজন বাবুর্চি। সঙ্গে ছিলেন দুজন সহকারী।
শুরু থেকেই বড় রেস্তোরাঁ খোলার বদলে খাবার সরবরাহের ওপর জোর দেন দুই বোন। ধীরে ধীরে ব্যবসার পরিসর বাড়ান তারা। প্রথম মাসেই ১০ হাজারের বেশি অর্ডার পাওয়ার পর উদ্যোগটি আরও এগিয়ে নেওয়ার আত্মবিশ্বাস পান।
ব্যবসার পরিচিতি গড়ে তুলতে খাবারের স্বাদের পাশাপাশি পরিবেশনের ধরনেও আলাদা বৈশিষ্ট্য আনেন তারা। কলাপাতায় মুড়িয়ে বিরিয়ানি রাখা হয় একটি টিনের বাক্সে। এই বিশেষ প্যাকেজিং ব্যবস্থাও তাদের অনেক বেশি জনপ্রিয় করে তোলে।
সময়ের সঙ্গে আরএনআর ডোনে বিরিয়ানির পরিসর বেড়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির ১৪টি ক্লাউড কিচেন ও একটি স্বতন্ত্র রেস্তোরাঁ রয়েছে। প্রতিষ্ঠানটির বার্ষিক ব্যবসার পরিমাণ প্রায় ১০ কোটি রুপি।
বিরিয়ানির পাশাপাশি তাদের মেনুতে রয়েছে আরও নানা পদ। এর মধ্যে আছে ড্রামস্টিক-চিলি স্টার্টার, ঝাল মসলায় তৈরি খাসির হাড়ের স্যুপ এবং চিকেন ঘি রোস্ট। মিষ্টান্ন হিসেবে পাওয়া যায় এলানির পায়াসাম। এটি নারকেলের পায়েস নামেও পরিচিত।
রেস্তোরাঁটিতে নিরামিষ ও মুরগির বিরিয়ানির দাম ২৬৯ থেকে ৩৪৯ রুপি। খাসির বিরিয়ানির দাম ৪১৯ রুপি।
সূত্র : এনডিটিভি





