পশ্চিমবঙ্গে হবে ৪ বিমানবন্দর, বাজেট ১০ হাজার কোটি

নতুন বিমানবন্দর চালু হলে সমস্যা কমবে অনেকটাই। ছবি: আগামীর সময়
পশ্চিমবঙ্গের বিমান যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করল রাজ্য সরকার। নতুন বাজেটে জানানো হয়েছে চারটি নতুন বিমানবন্দর নির্মাণ এবং একটি বিমানবন্দর সম্প্রসারণের কথা। এই প্রকল্পগুলোর জন্য বরাদ্দের প্রস্তাব ১০ হাজার কোটি টাকা।
আজ সোমবার বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানাচ্ছিলেন, পুরুলিয়া, মালদহ ও বালুরঘাটে গড়ে তোলা হবে নতুন বিমানবন্দর। পাশাপাশি হবে কোচবিহার বিমানবন্দর সম্প্রসারণের কাজ। সরকারের মতে, এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে আরও সহজ হবে বিমান যোগাযোগ।
এছাড়া কলকাতা বিমানবন্দরের ওপর বাড়তে থাকা চাপ কমাতে চায় রাজ্য সরকার। নেওয়া হয়েছে কল্যাণীর কাছে একটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির পরিকল্পনা। এজন্য ১ হাজার থেকে দেড় হাজার একর জমি চিহ্নিত করা হবে বলে জানানো হয়েছে বাজেটে। ভবিষ্যতে যাত্রী সংখ্যা বাড়লে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বিমানবন্দর।
রাজ্য সরকার বলছে, কেন্দ্রের উড়ান প্রকল্পের আওতায় নেওয়া হবে পুরুলিয়া, মালদহ ও বালুরঘাটের বিমানবন্দর গড়ে তোলার উদ্যোগ। রয়েছে হাসিমারা ও কলাইকুণ্ডা এলাকায় বিমান পরিষেবা সংক্রান্ত অবকাঠামো উন্নয়নের জন্য জমি বরাদ্দের পরিকল্পনা।
বর্তমানে রাজ্যের অধিকাংশ মানুষ বিমান পরিষেবার জন্য কলকাতা ও বাগডোগরা বিমানবন্দরের ওপর নির্ভর করে। উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং দক্ষিণবঙ্গের বহু জেলার বাসিন্দাদের বিমান ধরতে পাড়ি দিতে হয় দীর্ঘ পথ। নতুন বিমানবন্দরগুলো চালু হলে সেই সমস্যা কমবে অনেকটাই। আশা করছে প্রশাসন।





