ইউক্রেনের হামলায় ক্ষতিগ্রস্ত রাশিয়ার একাধিক শস্য রপ্তানি টার্মিনাল

গতকাল বুধবার রাতে চালানো এ হামলায় নিহত হয়েছেন তিনজন। ছবি : সংগৃহীত
ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাশিয়ার নভোরোসিস্ক বন্দরের দুটি শস্য রপ্তানি টার্মিনাল। হামলায় রাশিয়ার কৃষ্ণসাগরের সর্বশেষ বড় নৌঘাঁটিতেও আঘাত হেনেছে বলে জানানো হয়েছে বিভিন্ন প্রতিবেদনে।
স্থানীয় কর্মকর্তাদের তথ্যানুযায়ী, গতকাল বুধবার রাতে চালানো এ হামলায় নিহত হয়েছেন তিনজন। তাদের মধ্যে রয়েছে আট বছরের একটি শিশুও। আহত হয়েছেন আরও ২৪ জন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ নৌঘাঁটিতে হামলার জন্য ইউক্রেন ব্যবহার করেছে ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ও নৌ ড্রোন।
জেলেনস্কি এটিকে বর্ণনা করেছেন একটি অনন্য অভিযান হিসেবে। তবে তার বক্তব্যে উল্লেখ করা হয়নি শস্য রপ্তানি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি।
পরে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করে, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার চারটি যুদ্ধজাহাজ। এর মধ্যে দুটি রয়েছে ফ্রিগেট।
তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া।
জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, রাশিয়ার আগ্রাসন অব্যাহত থাকা পর্যন্ত দখলদার নৌবহর ও সেটিকে সহায়তা করা কোনো অবকাঠামোই থাকবে না নিরাপদ।
সূত্র : বিবিসি





