বিশ্ব জলবায়ু সম্মেলনের মঞ্চে গ্রেটা থুনবার্গ
পৃথিবী মরছে না, তাকে হত্যা করা হচ্ছে

সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ
‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর।’ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সভ্যতার প্রতি’ কবিতার সেই আকুতি যেন শতাব্দী পেরিয়ে আজও পৃথিবীর বুক থেকে ভেসে আসছে। বন পুড়ছে। সমুদ্রের জল বাড়ছে। প্রকৃতির বুকে গভীর হচ্ছে মানুষের লোভের ক্ষত। অথচ পৃথিবী বাঁচানোর প্রতিশ্রুতি দিতেই বারবার জড়ো হচ্ছেন বিশ্বনেতারা। তাদের আশ্বাসের আড়ালে কি চাপা পড়ে যাচ্ছে ধ্বংসের সত্য? তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনের মঞ্চে সেই প্রশ্নই যেন বজ্রকণ্ঠে ছুড়ে দিলেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। তার ঘোষণা, ‘পৃথিবী মরছে না। তাকে হত্যা করা হচ্ছে। আর কারা করছে, আমরা জানি।’ যাদের হাতে পৃথিবী রক্ষার দায়িত্ব, তাদের বিরুদ্ধেই উঠল ধ্বংসের অভিযোগ। সভ্যতার অগ্রগতির নামে প্রকৃতির এই সর্বনাশ কি তবে মানুষের নিজের হাতেই লেখা ভবিষ্যৎ?
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে সংবাদমাধ্যমের সামনে গ্রেটা অভিযোগ করেছেন, যাদের কাছে মানুষ উদ্ধার আশা করে, তারাই পৃথিবী ধ্বংসের জন্য দায়ী। তার ভাষায়, ‘কেউ আমাদের উদ্ধার করতে আসছে না।’ রাষ্ট্র ও প্রতিষ্ঠানের হাতে মানবাধিকার বিপন্ন হলে নাগরিকদেরই প্রতিবাদে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।
নেপাল, অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও কানাডার অধিকারকর্মীদের সঙ্গে সংবাদ সম্মেলনে অংশ নেন গ্রেটা। তারা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং তুরস্ক থেকে ইসরায়েলে জ্বালানি সরবরাহ বন্ধের দাবি জানান। ফিলিস্তিনিদের ওপর সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগ তুলে গ্রেটা বলেছেন, জলবায়ু ও মানবাধিকার রক্ষার সংগ্রাম আলাদা নয়।
এবারের সম্মেলন শুরু হয়েছে সোমবার (০৯ নভেম্বর)। চলবে শুক্রবার (২০ নভেম্বর) পর্যন্ত। তুরস্ক আয়োজক, আর আলোচনার নেতৃত্বে অস্ট্রেলিয়া। ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত রাষ্ট্রনেতাদের শীর্ষপর্বের প্রতিপাদ্য ‘টেকসই, সহনশীল ও ন্যায়সংগত ভবিষ্যতের পথে’। বৃহত্তর কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়া, পরিচ্ছন্ন বিদ্যুৎ এবং ২০৩৫ সালের মধ্যে মোট জ্বালানি চাহিদায় বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করা।
গ্রেটার সতর্কতার মধ্যেই বৃহস্পতিবার ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকারের নতুন বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমান নীতি অপরিবর্তিত থাকলে শতাব্দীর শেষে পৃথিবী প্রাক্শিল্পযুগের তুলনায় ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হতে পারে। সব দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুরোপুরি বাস্তবায়িত হলেও আশাবাদী হিসাব ১ দশমিক ৯ ডিগ্রি। ২০১৫ সালের প্যারিস চুক্তিতে উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে সীমিত রাখার চেষ্টা করার অঙ্গীকার ছিল।
সম্মেলনে যুদ্ধের পরিবেশগত ক্ষতিও বড় বিতর্ক। বুধবার (১১ নভেম্বর) রয়টার্স জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পরিবেশের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন। তাঁর বক্তব্য, শান্তিকালে জলবায়ুর অঙ্গীকার থাকলে যুদ্ধকালের পরিবেশ ধ্বংসের দায়ও নির্ধারণ করতে হবে। বর্তমানে আন্তর্জাতিক জলবায়ু চুক্তিতে সামরিক হামলার ক্ষতিপূরণের পৃথক ব্যবস্থা নেই।
ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, জলবায়ু সংকট ‘এখনই আমাদের ওপর এসে পড়েছে’। তিনি পরিচ্ছন্ন জ্বালানির গুরুত্ব তুলে ধরেছেন। কিন্তু ২০২১ সালের গ্লাসগো সম্মেলনকে ‘ফাঁকা বুলি’ বলা গ্রেটা এবারও আশ্বাসে আশ্বস্ত নন।
আনতালিয়ার সভাকক্ষে আলো ঝলমল করছে। বাইরে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। একদিকে বিশ্বনেতাদের প্রতিশ্রুতি। অন্যদিকে প্রকৃতির ক্রমশ গভীর হতে থাকা ক্ষত। রবীন্দ্রনাথ একদিন অরণ্য ফিরিয়ে দেওয়ার আকুতি জানিয়েছিলেন। শতাব্দী পরে গ্রেটা যেন সেই আকুতিকেই আরও কঠিন প্রশ্নে রূপ দিলেন। যে সভ্যতা নিজেই পৃথিবীর ক্ষত তৈরি করছে, সেই সভ্যতাই কি তার নিরাময় করতে পারবে? নাকি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা রেখে যাব এমন এক পৃথিবী, যেখানে অরণ্য ফেরানোর আকুতি থাকবে, কিন্তু ফেরানোর মতো অরণ্যই আর থাকবে না?



