জলবায়ু নিরাপত্তায় বিশ্বের প্রথম বিশেষ প্রতিনিধি নিয়োগ দিল ব্রিটেন
- সাবেক গোয়েন্দাপ্রধান ম্যাডেলিন আলেসান্দ্রি সরাসরি সরকারকে পরামর্শ দেবেন
- খাদ্যসংকট, অভিবাসন ও সংঘাতের ঝুঁকি নিয়ে গোয়েন্দাদের সতর্কবার্তা
- ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কাছাকাছি নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রী বার্নহ্যামের

সাবেক গোয়েন্দাপ্রধান ম্যাডেলিন আলেসান্দ্রিকে জলবায়ু নিরাপত্তায় বিশেষ প্রতিনিধি হিসেবে নিযোগ দিয়েছে লন্ডন।
যুদ্ধের জন্য অস্ত্র লাগে। শত্রু লাগে। লাগে সীমান্ত। কিন্তু যে বিপদ আকাশ থেকে তাপ হয়ে নামে, সমুদ্র থেকে জলোচ্ছ্বাস হয়ে আসে, তার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি কীভাবে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে এবার গোয়েন্দা নজরদারির আওতায় জলবায়ু সংকটকে আনছে ব্রিটেন। বিশ্বের প্রথম দেশ হিসেবে জলবায়ু নিরাপত্তায় বিশেষ প্রতিনিধি নিয়োগের ঘোষণা দিয়েছে লন্ডন। লক্ষ্য, প্রকৃতির বিপর্যয় জাতীয় দুর্যোগ হয়ে ওঠার আগেই বিপদের সংকেত চিহ্নিত করা।
বুধবার (১১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির যৌথ গোয়েন্দা কমিটির সাবেক প্রধান ডেম ম্যাডেলিন আলেসান্দ্রিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জলবায়ু পরিবর্তনের কারণে জাতীয় নিরাপত্তায় তৈরি হওয়া ঝুঁকি নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরকে পরামর্শ দেবেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এই নিয়োগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম।
স্কাই নিউজের বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলনে বার্নহ্যাম ঘোষণা করেছেন, ‘জলবায়ু সংকট আর দূরের কোনো হুমকি নয়। এটি এখন আমাদের সবার সামনে।’
তিনি বলেছেন, দুটি মহাদেশের যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়িয়েছে। এর পেছনে রয়েছে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা। তাই ২০৫০ সালের মধ্যে নিট কার্বন নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্যে অটল থাকবে ব্রিটেন।
জলবায়ু নিরাপত্তার নতুন প্রতিনিধি আলেসান্দ্রি এর আগে দেশটির গুরুত্বপূর্ণ গোয়েন্দা কমিটির নেতৃত্ব দিয়েছেন। তাঁর সময়ে তৈরি এক গোপন প্রতিবেদনে সতর্ক করা হয়েছিল, বিদেশে বাস্তুতন্ত্র ধ্বংস হলে আগামী পাঁচ বছরের মধ্যেই ব্রিটেন খাদ্যসংকট, মূল্যবৃদ্ধি, ব্যাপক অভিবাসন ও সংঘাতের ঝুঁকিতে পড়তে পারে।
আলেসান্দ্রি বলেছেন, ‘এসব ঝুঁকি সংকটে পরিণত হওয়ার আগেই মোকাবিলা করাই সবচেয়ে ভালো।’
সম্মেলনে বিশ্বজুড়ে পরিচ্ছন্ন জ্বালানি প্রকল্পে ৫০০ কোটি পাউন্ড বেসরকারি বিনিয়োগ সংগ্রহের উদ্যোগেও সমর্থন জানান বার্নহ্যাম।
তবে সমালোচনাও রয়েছে। পরিবেশবাদীদের অভিযোগ, উত্তর সাগরে নতুন গ্যাস উত্তোলনের অনুমতি দিয়ে জলবায়ু নেতৃত্বের দাবি করছে ব্রিটেন। জলবায়ু অর্থায়ন কমানোর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জলবায়ু বিপর্যয়কে জাতীয় নিরাপত্তার অন্যতম বড় হুমকি বলেছেন।
প্রকৃতি তাই শুধু পরিবেশের প্রশ্ন নয়, রাষ্ট্রের নিরাপত্তারও প্রশ্ন। কিন্তু যে বিপদ পৃথিবীর সীমানা মানে না, তাকে কি কোনো এক দেশের গোয়েন্দা নজরদারি দিয়ে ঠেকানো সম্ভব? নাকি নিরাপত্তার প্রকৃত চাবিকাঠি লুকিয়ে রয়েছে সব দেশের সম্মিলিত সিদ্ধান্তে?



