রুশ নাশকতা নিয়ে গোয়েন্দাদের সতর্কবার্তার দুদিন পরই ঘটনা
এক ফোনেই তোলপাড়, ব্রিটিশ নৌবাহিনীর সদর দপ্তরে বোমাতঙ্ক
- বোমা হামলার হুমকিতে পোর্টসমাউথের নৌঘাঁটিতে নিরাপত্তা তৎপরতা
- তল্লাশি শেষে নিরাপদ ঘোষণা করা হলো এইচএমএস এক্সেলেন্ট
- ভুয়া হুমকির নেপথ্যে কারা, তদন্তে ব্রিটিশ পুলিশ

একটি ফোন। তাতেই তোলপাড় ব্রিটিশ নৌবাহিনীর সদর দপ্তর। ছুটে এল সশস্ত্র পুলিশ। নামানো হলো প্রশিক্ষিত কুকুর। ঘাঁটির একাংশ থেকে সরিয়ে নেওয়া হলো কর্মীদের। দক্ষিণ ইংল্যান্ডের পোর্টসমাউথে ব্রিটিশ নৌবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এইচএমএস এক্সেলেন্টে বোমা হামলার হুমকি ঘিরে বৃহস্পতিবার ছড়ায় আতঙ্ক। প্রায় তিন ঘণ্টার তল্লাশি শেষে অবশ্য স্বস্তি ফেরে। সন্দেহজনক কোনো বিস্ফোরক পাওয়ার খবর মেলেনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদনে হুমকিটিকে ভুয়া বলে উল্লেখ করা হয়েছে। একই দিন স্কাই নিউজও জানায়, নিরাপত্তা সতর্কতার অবসান হলেও তদন্ত চলছে।
ঘটনার পরপরই তৎপর হয় সামরিক ও বেসামরিক পুলিশ। সাধারণ মানুষকে সংশ্লিষ্ট এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়। সাময়িকভাবে ব্যাহত হয় ঘাঁটির স্বাভাবিক কার্যক্রম।
ব্রিটিশ নৌবাহিনীর এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের কর্মী ও জনসাধারণের নিরাপত্তাই অগ্রাধিকার।’ পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের যৌথভাবে কাজ করার কথাও জানান তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, তল্লাশি শেষে সামরিক স্থাপনাটিকে নিরাপদ ঘোষণা করা হয়েছে। তবে কে বা কারা ফোন করে হুমকি দিয়েছিল, তা এখনও জানা যায়নি। এর নেপথ্যে কোনো বৈরী রাষ্ট্রের হাত রয়েছে কি না, সে বিষয়েও সিদ্ধান্তে পৌঁছানোর সময় আসেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।
পোর্টসমাউথের হোয়েল দ্বীপে অবস্থিত এইচএমএস এক্সেলেন্টের ইতিহাস শতবর্ষেরও বেশি পুরোনো। ১৮৯১ সালে নৌবাহিনীর প্রশিক্ষণকেন্দ্রটি জাহাজ থেকে স্থলভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে এখান থেকেই ব্রিটিশ নৌবাহিনীর সামগ্রিক পরিচালনা ও ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়।
এমন এক সময়ে ঘটনাটি ঘটল, যখন রুশ নাশকতার আশঙ্কায় সতর্কতা বাড়াচ্ছে ব্রিটেন। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই৫ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথ সতর্কবার্তা জারি করে। ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সরবরাহকারী ব্রিটিশ প্রতিষ্ঠানগুলো রাশিয়ার নিশানায় রয়েছে বলে জানানো হয়।
তবে পোর্টসমাউথের ঘটনার সঙ্গে রাশিয়ার কোনো সংশ্লিষ্টতার প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি।
চলতি মাসের শুরু থেকেই ইউরোপজুড়ে একের পর এক ভুয়া বোমা হামলার হুমকি দেওয়া হচ্ছে। গত ১৭ নভেম্বর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২ থেকে ৬ নভেম্বরের মধ্যে প্রায় ১৫টি বিমান সংস্থার অর্ধশতাধিক উড়োজাহাজ এমন হুমকির মুখে পড়ে। নিশানা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও সংবাদমাধ্যমকেও।
ব্রিটিশ পুলিশের সন্ত্রাসবিরোধী নির্দেশিকা অনুযায়ী, আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে এ ধরনের ভুয়া হুমকি দেওয়া হয়ে থাকে। প্রকৃত বিস্ফোরকের সন্ধান না মিললেও এমন হুমকি দেওয়া ফৌজদারি অপরাধ।
পোর্টসমাউথের নৌঘাঁটিতে আপাতত কেটেছে বোমাতঙ্ক। তবে তদন্ত শেষ হয়নি। বোমার অস্তিত্ব না থাকলেও একটি ফোন যে কত বড় নিরাপত্তা তৎপরতার জন্ম দিতে পারে, ব্রিটিশ নৌবাহিনীর সদর দপ্তরের এই ঘটনাই তার নজির।



