জাতিসংঘের মহাসচিব নির্বাচনের দৌড়ে নতুন মুখ

জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। দ্বিতীয় মেয়াদে তার কার্যদিবস শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে। পরবর্তী মহাসচিব নির্ধারণের দৌড়ে এরই মধ্যে যোগ দিয়েছেন ছয়জন সুপরিচিত রাজনৈতিক ব্যক্তি। তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে এবার সপ্তম প্রার্থী হিসেবে যোগ দিয়েছেন উগান্ডার কূটনীতিক ওলারা ওতুন্নু। জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি এবং সিকিউরিটি কাউন্সিলের প্রেসিডেন্টদের কাছে শুক্রবার একটি চিঠি পাঠিয়ে ওতুন্নুর প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করেছে উগান্ডা।
ওতুন্নু ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি জেনারেল এবং শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৭৫ বছর বয়সে, জাতিসংঘের মহাসচিব পদের জন্য বর্তমান প্রার্থীদের মধ্যে তিনিই সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। নিজের ভিশন বা লক্ষ্য নিয়ে একটি বিবৃতিতে ওতুন্নু প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন। এবং বলেছেন, বড় ধরনের আন্তর্জাতিক সংঘাত অবসানের প্রচেষ্টাকে তিনি অবিলম্বে অগ্রাধিকার দেবেন। এ ছাড়া তিনি কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক (এআই) জাতিসংঘের কার্যক্রম তদারকির জন্য একটি সংস্থা গঠনের প্রতিশ্রুতিও দিয়েছেন। তিনি বিবৃতিতে অর্থনৈতিক উন্নয়নকে ব্যাহত করবে না এমন জলবায়ু পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী প্রার্থীর সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ভোটাভুটির (স্ট্র পোল) মাধ্যমে চলতি সপ্তাহে বাছাই প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে।




