মোজতবা খামেনির বার্তা পুতিনের কাছে পৌঁছে দিলেন রেজাই

মস্কোতে ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন— রয়টার্স
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইয়ের সঙ্গে মস্কোয় বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি বার্তা পুতিনের কাছে পৌঁছে দিয়েছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি বৃহস্পতিবার জানিয়েছে এ খবর।
সর্বোচ্চ নেতার প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করা রেজাই ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠক করেন।
তবে বার্তাটির বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও নিশ্চিত করেছেন, ক্রেমলিনে পুতিন ও রেজাইয়ের মধ্যে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
রাশিয়ার বার্তা সংস্থা তাসও বৈঠকের একটি ভিডিও প্রকাশ করেছে। এতে রুশ প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভ এবং দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউর প্রধান ইগর কোস্তিউকভকে উপস্থিত থাকতে দেখা যায়।
ইরানি প্রতিনিধিদলে রেজাইয়ের সঙ্গে ছিলেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপসচিব আলী বাঘেরি এবং রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি।
এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরান-সংশ্লিষ্ট পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে মস্কো।
তেহরান ও মস্কোর সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে দুদেশের সমন্বয়ের গুরুত্ব বাড়ার প্রেক্ষাপটে এ বৈঠক অনুষ্ঠিত হলো।
আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে তেহরান ও মস্কোর মধ্যে চলমান আলোচনার মধ্যেই বৈঠকটি হয়েছে। এর আগে গত ২ নভেম্বর পুতিন ও রেজাই টেলিফোনে কথা বলেন। সেসময় তারা আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতির সর্বশেষ ঘটনাবলি নিয়ে আলোচনা করেন। এতে বিশেষ গুরুত্ব পায় পশ্চিম এশিয়া।



