তিব্বতের ভূমিকম্পে নিহত অন্তত ১৬

ছবি: রয়টার্স
তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। আজ শুক্রবারও উদ্ধার অভিযান চলছে।
চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, আক্রান্ত এলাকায় দ্বিতীয় পর্যায়ের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এলাকাটিতে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কম জনবসতির শহর নাগকুর কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে অন্তত ৬৫ জন আহত হয়েছেন। ২০২৪ সালের জানুয়ারির পর চীনের আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। কর্মকর্তারা জানিয়েছেন, এতে অন্তত ৩৩৯টি বাড়ি ও ২০টি গবাদি পশুর শেড ধসে পড়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত একটি পার্বত্য এলাকায়।
ভূমিকম্পের পর ১ হাজার ৬০০ উদ্ধারকর্মী মোতায়েনের ঘোষণা দিয়েছে বেইজিং। তবে প্রায় ৫ হাজার মিটার উচ্চতায় অবস্থিত এলাকাটিতে পৌঁছানো কঠিন হয়ে উঠেছে।
কর্তৃপক্ষ বলছে, কম বসতিপূর্ণ এলাকা হওয়ার হতাহতের সংখ্যা অনেক কম। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এ সংখ্যাটা আরও কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা।



