বৈঠকের আগেই একসঙ্গে ৩ নেতা

শেনজেনে এপেক শীর্ষ সম্মেলনের স্বাগত ভোজসভার আগে পুতিনের সঙ্গে করমর্দন করছেন ট্রাম্প, পাশে দাঁড়িয়ে শি জিনপিং— রয়টার্স
এক বছরেরও বেশি সময় পর বুধবার প্রথমবারের মতো মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। চীনে শি জিনপিংয়ের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের প্রস্তুতির মধ্যেই তাদের এ সাক্ষাৎ হলো।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের সম্মেলনে যোগ দিতে শেনজেনে পৌঁছালে বিমান থেকে নামার পর ট্রাম্পকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলনের শেষ পর্যায়ে শি, ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিনের মধ্যে বহুল আলোচিত বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিমানবন্দরের রানওয়েতে ট্রাম্প ও শির মধ্যে করমর্দন ও আলিঙ্গনের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরে পুতিনের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। তারা একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে পরস্পরকে শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও পুতিনের মধ্যে একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে।
তবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) ফোরামের মূল আকর্ষণ হবে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের বৈঠক। তিন নেতার একসঙ্গে সরাসরি বৈঠকে বসার ঘটনা এটিই প্রথম।
বৈঠকের পূর্ণাঙ্গ আলোচ্যসূচি প্রকাশ করা হয়নি। তবে ইউক্রেন ও ইরানের সংঘাত, পারমাণবিক অস্ত্রের বিস্তার, বাণিজ্য উত্তেজনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতিসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
ট্রাম্প ও পুতিনের আলাদা বৈঠক বুধবার কীভাবে হবে, তা স্পষ্ট ছিল না। তবে ক্রেমলিনের এক মুখপাত্র ইঙ্গিত দিয়েছেন, বড় কোনো প্রতিনিধি দল ছাড়াই সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলোচনা হতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করেছেন, কিয়েভ বা ইউরোপের প্রতিনিধিদের অনুপস্থিতিতে যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে।
বুধবারের করমর্দন ছিল ট্রাম্প ও পুতিনের মধ্যে ২০২৫ সালের আগস্টের পর প্রথম সরাসরি সাক্ষাৎ। ওই সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট আলাস্কায় গিয়েছিলেন। তবে সেই বৈঠক থেকে কোনো অগ্রগতি আসেনি।
বিমানবন্দরে ট্রাম্পকে ব্যক্তিগতভাবে স্বাগত জানানোর মাধ্যমে শি জিনপিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের একটি পদক্ষেপের অনুকরণ করেছেন। গত সেপ্টেম্বরে শি ওয়াশিংটন সফরে গেলে ট্রাম্পও তাকে একইভাবে স্বাগত জানিয়েছিলেন। ওই অভ্যর্থনাকে শি ‘বিশেষ’ বলে বর্ণনা করেছিলেন।
শেনজেনে ট্রাম্পকে স্বাগত জানাতে এয়ার ফোর্স ওয়ানের সামনে লালগালিচা বিছানো হয়। সেখানে উল্লাসরত জনতা, গার্ড অব অনার, সামরিক বিমানের প্রদর্শনী এবং ফুল দিয়ে অভ্যর্থনার আয়োজন করা হয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে শি জিনপিংকে উদ্ধৃত করে বলা হয়েছে, তিনি ‘সম্মান, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল সম্পর্ক’ এগিয়ে নিতে চান।
শির এ অভ্যর্থনাকে তার মার্কিন প্রতিপক্ষের সঙ্গে সপ্তাহব্যাপী আলোচনার শুরুটা সৌহার্দ্যপূর্ণ করার কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এপেক সম্মেলনের আয়োজক দক্ষিণ-পূর্ব চীনের শেনজেন শহরটি উৎপাদন ও উন্নত প্রযুক্তির ক্ষেত্রে দ্রুত বিকাশমান একটি অঞ্চল।
এমন পরিস্থিতিতে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে সরিয়ে দেওয়ার ঘটনা সামনে এসেছে। তিনি স্বীকার করেছেন, বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে মার্কিন গোয়েন্দাদের নজরে থাকা এক নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল। তবে চীন এ অভিযোগকে ‘অপপ্রচার’ বলে প্রত্যাখ্যান করেছে।
ট্রাম্প চীনের সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন। তবে এ ঘটনা দুই শক্তির মধ্যে চলমান উত্তেজনারই ইঙ্গিত দিচ্ছে।
ট্রাম্পের শেনজেনে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে পুতিন সেখানে অবতরণ করেন। এরপর শি জিনপিংয়ের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন তিনি। দুই নেতা অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শি বলেন, দুই দেশ ‘দৃঢ়ভাবে ও সাহসের সঙ্গে এগিয়ে যাবে’। তিনি দুই দেশের সম্পর্ককে ‘পাহাড়ের মতো স্থিতিশীল, ঝড়েও অটল’ বলে বর্ণনা করেন।
সূত্র: বিবিসি




