বাতাসে ছড়িয়ে পড়ে সাদা ফসফরাস, সিউলে মার্কিন ঘাঁটির পাশে আতঙ্ক

ওসান বিমানঘাঁটি
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণে অবস্থিত যুক্তরাষ্ট্রের ওসান বিমানঘাঁটির ভেতরে মঙ্গলবার অতি দাহ্য সাদা ফসফরাস লিক হওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে আশপাশের কয়েকটি এলাকার বাসিন্দাদের সাময়িকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয়।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দক্ষিণ কোরিয়ার দমকল কর্তৃপক্ষ এবং মার্কিন বাহিনী দূষণমুক্ত করার কাজ শুরু করে। এর প্রায় আধা ঘণ্টার মধ্যে বাসিন্দাদের জন্য জারি করা সরিয়ে নেওয়ার নির্দেশ প্রত্যাহার করা হয় বলে জানিয়েছে ইয়োনহাপ বার্তা সংস্থা।
ওসান বিমানঘাঁটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘স্থানীয় সময় বিকেল ৫টা ৮ মিনিটে ভূমিতে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার পর অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওসান বিমানঘাঁটির চারপাশে ১ হাজার ফুটের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়, যাতে ঘাঁটির সদস্য ও আশপাশের বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করা যায়।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের জরুরি সাড়া প্রদানকারী দল বর্তমানে ঘাঁটির ভেতরে একটি বিচ্ছিন্ন পরিস্থিতি মোকাবিলা করছে। আমরা অত্যন্ত সতর্কতা ও দ্রুততার সঙ্গে বিষয়টি সামাল দিচ্ছি।’
সাদা ফসফরাস অত্যন্ত বিষাক্ত একটি রাসায়নিক পদার্থ। এটি বাতাসের সংস্পর্শে এলেই জ্বলে উঠতে পারে। যুদ্ধক্ষেত্রে ধোঁয়ার আড়াল তৈরির পাশাপাশি অগ্নিসংযোগকারী অস্ত্রেও এটি ব্যবহার করা হয়।




