এআই নকল ঠেকাতে হিমশিম, পদত্যাগ দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর

চোই কিও-জিন
দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী রবিবার পদত্যাগ করেছেন। দেশটির অত্যন্ত প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অসদুপায় অবলম্বন ঠেকাতে শেষ মুহূর্তে নেওয়া নতুন নিয়ম পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেওয়ার পর এ সিদ্ধান্ত নেন তিনি।
পাঁচ লাখের বেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়ার মাত্র তিন দিন পর শিক্ষামন্ত্রী চোই কিও-জিনের পদত্যাগের ঘোষণা আসে। ‘কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট’ বা ‘সুনেউং’ নামে পরিচিত এই পরীক্ষা নতুন ও কঠোর কিছু নিয়মের মধ্যে অনুষ্ঠিত হয়, যেগুলো পরীক্ষার মাত্র কয়েক দিন আগে ঘোষণা করা হয়েছিল।
এক বিবৃতিতে রবিবার চোই বললেন, ‘বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে। তবে তদারককারী মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আগে থেকে যথাযথ প্রস্তুতি নিতে না পারায় জনসাধারণের সমালোচনা ও দায় থেকে নিজেকে মুক্ত মনে করতে পারছি না।’
আট ঘণ্টার এই পরীক্ষা দেশটির প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থা ও কোচিংনির্ভর সংস্কৃতির কেন্দ্রবিন্দু। গণিত, কোরীয় ভাষা, ইংরেজি, ইতিহাসসহ বিভিন্ন বিষয়ের প্রশ্ন থাকে এতে। পরীক্ষাটির গুরুত্ব এতটাই বেশি যে প্রশ্ন প্রণয়ন ও পর্যালোচনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ৪০ দিন নির্জন পরিবেশে রাখা হয়।
নতুন নিয়মে পরীক্ষার্থীদের জামার হাতা গুটিয়ে নিতে, ক্যামেরা ব্যবহার ঠেকাতে শার্টের বোতামের ওপর স্টিকার লাগাতে এবং চশমা পরীক্ষার জন্য জমা দিতে বলা হয়। তবে সবচেয়ে বেশি বিঘ্ন ঘটায় অসদুপায় ঠেকাতে নেওয়া একটি পদক্ষেপ। দেশজুড়ে সব মুঠোফোনে অনির্দিষ্ট সময়ে তিন দফা উচ্চ শব্দের জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। এ সতর্কবার্তায় এমন একটি ব্যবস্থা ব্যবহার করা হয়েছিল, যা ফোনের শব্দ নিয়ন্ত্রণের সেটিংস অকার্যকর করে দেয়। সাধারণত গুরুতর জরুরি পরিস্থিতিতেই এ ব্যবস্থা ব্যবহার করা হয়।
নতুন পদক্ষেপগুলো ব্যাপক বিভ্রান্তি তৈরি করে। অভিভাবক ও শিক্ষার্থীদের কাছ থেকেও তীব্র প্রতিক্রিয়া আসে। কেউ কেউ বলেন, এসব নিয়ম পরীক্ষার্থীদের ওপর চাপ বাড়িয়েছে এবং তাদের তাড়াহুড়ো করতে বাধ্য করেছে। ফলে ঠিকমতো প্রশ্ন সমাধান করাও কঠিন হয়ে পড়ে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পরীক্ষায় মোট ১১১ জনকে অসদুপায় অবলম্বনের দায়ে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫৪ জন ধরা পড়েন মুঠোফোনে পাঠানো সতর্কবার্তার মাধ্যমে। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট নয়। তবে মন্ত্রণালয় আগে সতর্ক করে বলেছিল, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হতে পারে অথবা তাদের ১০ বছর পর্যন্ত পুনরায় পরীক্ষায় অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করা হতে পারে। এ ছাড়া অসদুপায় অবলম্বনকারীদের তথ্য দিলে অন্তত ১০ কোটি ওন বা ৭৫ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট লি জে মিয়ং।
পরীক্ষা নিয়ে বিতর্কের জেরে টানা দ্বিতীয় বছরের মতো পদ ছাড়লেন একজন কর্মকর্তা। গত বছর ইংরেজি অনুধাবন অংশের প্রশ্ন এত কঠিন হয়েছিল যে এর জন্য ক্ষমা চাইতে হয়েছিল। পদত্যাগ করেছিলেন পরীক্ষার প্রশ্ন প্রণয়নের দায়িত্বে থাকা প্রধান কর্মকর্তাও।
সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস



